শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গ্রিসে স্ট্রবেরি সংগ্রাহক হিসেবে কর্মরত ২৮ বাংলাদেশী অভিবাসীকে গুলি করার দায়ে গ্রেপ্তার হওয়া স্থানীয় একটি স্ট্রবেরি খামারের মালিকসহ ২ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সে দেশের আদালত।
গুলি করার অভিযোগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পরও তাকে ছেড়ে দেয়ার রায়ে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে গ্রিসে। রায়ে অপর দুই ব্যক্তিকে গুরুতর হামলা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ১৪ বছর ৭ মাস ও ৮ দিনের কারাদন্ড দেয়া হয়। তবে তাদের সামনেও আপিলের সুযোগ রয়েছে। আপিল করা পর্যন্ত তারাও মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে।
গ্রিসের রাজনীতিবিদ এবং শ্রমিক অধিকার ও বর্ণবাদবিরোধী সংগঠনগুলো বলছে, এই রায়ে অভিবাসীরা ন্যায়বিচার পায়নি। ব্রিটিশ পার্লামেন্টে বিরোধীদলের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বুধবার গ্রিসের বন্দরনগরী পাত্রাসের একটি আদালত এই রায় ঘোষণার সময়ও বিপুল সংখ্যক অভিবাসী ও শ্রমিক অধিকার কর্মী বাইরে বিক্ষোভ দেখায় বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়।
গতবছর এপ্রিলে এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিয়া মানোলাদায় ওই খামারের অভিবাসী শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানালে মালিকের কর্মচারীরা চারজন তাদের ওপর শটগানের গুলি চালায়। এতে আহত হন অন্তত ২৮ জন বাংলাদেশি। ওই ঘটনার পর গ্রিসে বিদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়টি সামনে আসে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশটির সরকার।
মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে খামার মালিকসহ দুই জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এর মধ্যে খামারমালিকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছিল। বাকি দুই আসামির মধ্যে একজনকে ১৪ বছর সাত মাস এবং অন্যজনকে আট বছর ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে আহত করা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়। অবশ্য আপিলের সুযোগ থাকায় এখনই তাদের কারাগারে যেতে হচ্ছে না।
রায়ের খবরে আদালত প্রাঙ্গনে অপেক্ষারত বহু বাংলাদেশী অভিবাসী ভীষণভাবে মুষড়ে পড়েন। ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় অনেককে। ওই ২৮ জনের পক্ষে আইনি লড়াই লড়ছিলেন আইনজীবী মোইসিস কারাবেইয়িদিস। তিনি বলেন, গ্রিসের অধিবাসী হিসেবে আমি লজ্জিত বোধ করছি। তিনি বলেন, এ সিদ্ধান্ত নিষ্ঠুরতা ও কলঙ্কের। এদিকে এ ঘটনার পর অভিবাসীদের করুণ অবস্থা স্থানীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হতে থাকে। অপ্রত্যাশিত এ রায়ে গ্রিসবাসীও বিস্মিত, ক্ষুব্ধ।