রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮

মেঘনায় লঞ্চ ডুবিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি

মেঘনায় লঞ্চ ডুবিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার সারা রাতের অভিযান শেষে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬-এ। যেন রাতের সাথেই পাল্লা দিয়ে ভেসে উঠেছে এক একটি লাশ। শুক্রবার দিনগত রাত ১১টা থেকে সোয়া ৫টা পর্যন্ত আরও ১০টি লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার করা হয়েছিলো ২৯টি লাশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এমভি মিরাজ-৪ নামে এ লঞ্চটি এর আগেও দুইবার দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত লাশের সংখ্যা ৩৯টি। এছাড়া অর্ধশতাধিক জীবিত উদ্ধার করা হয়েছে আগেই। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ‍শতাধিক। এদিকে মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি ২৬ ঘণ্টা পর শুক্রবার বিকেলে দৃশ্যমান হলেও রাত শেষে এখনও উদ্ধার তৎপরতা চলছে। রাত ৩টার দিকে উল্টো হয়ে থাকা লঞ্চটি সোজা করতে সক্ষম হয় উদ্ধাকারী দল। লঞ্চটিকে সোজা করার পর ফায়ার ব্রিগেডের ডুবুরিরা লঞ্চের তলদেশে প্রবেশ করে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তবে ডুবুরিরা জানান, লঞ্চের ভেতরে থাকা ভারী আসবাব সরাতে পারলে নিখোঁজ যাত্রীদের মৃতদেহ উদ্ধার অনেকটাই সহজ হবে। বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. গোলাম হোসেন জানান, উদ্ধার কাজ ৯০ শতাশ সম্পন্ন হয়েছে। ডুবো জাহাজটাকে সোজা করা গেছে। এখন উদ্ধারকারী ডুবুরিরা লঞ্চটিতে নিখোঁজ মৃতদেহের সন্ধান চালাবে। এদিকে উদ্ধারের নামে কালক্ষেপন চলছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এছাড়া যে সব লাশ উদ্ধার করা হচ্ছে তাদের পেট বা দেহের বিভিন্ন অংশ কেটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। স্বজনদের দাবি- লাশ যাতে দৃশ্যমান না হয় সেজন্য পানির নীচ থেকে লাশ কেটে দেওয়া হচ্ছে।

শরিয়তপুর জেলার সখিপুর থানার কচিকাটা ইউনিয়নের দুলার চর গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা আরও জানান, আমার বাবা অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখায় চাকরি করতেন। কাল ১টার দিকে লঞ্চে উঠে সর্বশেষ ফোন করে জানান আমি লঞ্চে উঠেছি। তারপর যখন শুনলাম লঞ্চ ডুবেছে খবর পেয়ে চলে আসি বন্ধুদের নিয়ে। কিন্তু এতো সময় পার হলেও আমার বাবার লাশটা পর্যন্ত দেখতে পেলাম না। জানি না লাশ পাব কি না। আমরা লাশ চাই।

এর আগে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার বাংলানিউজকে জানিয়েছিলেন মধ্য রাতে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু রাত শেষেও লঞ্চটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ৩৯ লাশের মধ্যে ২৮ জনের লাশ শনাক্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’জনের লাশ হাসপাতালের মর্গে ও অপর ৯ জনের লাশ শনাক্তের জন্য উদ্ধার করে মেঘনা পাড়ে রাখা হয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হলেন- জুলহাস হোসেন (৩৪), মোশারফ দেওয়ান (৩৫), জামাল শিকদার (৫০) ও তার ছেলে আবির (১১), সেতারা বেগম (৫৫), টুম্পা বেগম (২৬), শিশু মাহি, শিশু সুমনা, জলিল মালত (৫০), মানিক (১৪), আব্দুল্লাহ আল রেদওয়ান (৪০), রাফিয়া বেগম (৬০), খোরশেদ আলম খোন্দকার (৭৫), ওসমান গণি মোল্লা (৭০), ইসমাইল ফকির (৬০), কৃষ্ণ কমল দাস ৫০, আব্দুল জলিল (৫৫), তাসলিমা আক্তার রিয়া (২৫), রাশিদা বেগম (৫৬), লাইলী বেগম (৫৫), ঋতু (২৪), আব্দুল মান্নান দেওয়ান (৬৫), লক্ষ্মী দাস (৮৫), রজিয়া (৩২), শিশু রুমান, আব্দুল জলিল খান (৭০), মিন্টু সুখানী (৪০), মাসুম (৩৮), রিমা আক্তারসহ (৩২) ও অজ্ঞাতনামা ৯ জনসহ মোট ৩৯ জন। এদের সবারই বাড়ি শরীয়তপুরের বিভিন্ন এলাকায়। তবে অধিকাংশই ওই জেলার নড়িয়া থানার বাসিন্দা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026