বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

এমসিএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এমসিএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যভিত্তিক মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন অনুমোদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে শত শত সদস্য সভায় অংশ নেন।

সভায় এমসিএর কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ সদস্যদের মূলধারার নাগরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ মোকাবিলায় মুসলিম সম্প্রদায়কে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।

তিনি প্রতিবেশীদের যত্ন নেওয়া, নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের অংশগ্রহণ বাড়ানো এবং অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের সহায়তায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, জনকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকেও সংগঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়।

সভায় এমসিএর দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা ‘ভিশন ২০৫০’ নিয়ে আলোচনা হয়। ২৫ বছর মেয়াদি এ পরিকল্পনায় মূলধারার নাগরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ ও নারী নেতৃত্বের বিকাশ এবং ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সংগঠনের আর্থিক সম্পদের ৭৫ শতাংশ মূলধারার কার্যক্রমে ব্যয় এবং প্রতিটি অঞ্চলে তরুণ ও নারী নেতাদের নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) মহাসচিব ড. ওয়াজিদ আখতার ‘আদমশুমারির তথ্য থেকে কার্যকর পদক্ষেপ: নিজ নিজ এলাকায় আমরা কী করতে পারি?’ শীর্ষক একটি উপস্থাপনা দেন।

তিনি যুক্তরাজ্যে তরুণ মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান উপস্থিতির কথা তুলে ধরে তাদের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে উপযুক্ত সেবা, সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

তিনি স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদমশুমারির তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে যেসব এলাকায় সেবার প্রয়োজন বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া সম্ভব।

পবিত্র কোরআন তিলাওয়াত ও তাৎপর্যপূর্ণ আলোচনা দিয়ে সভার সূচনা করেন শায়েখ ড. আবদুস সালাম আজাদী। সভা পরিচালনা করেন এমসিএর সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন সংগঠনের ডেপুটি সাধারণ সম্পাদক ড. দিলদার চৌধুরী এবং ডেপুটি সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মুসাদ্দিক আহমেদ।মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026