রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯

বোমা হামলার হুমকিতে ইউরোপজুড়ে আতঙ্ক

বোমা হামলার হুমকিতে ইউরোপজুড়ে আতঙ্ক

ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

বৃহস্পতিবার ইউরোপের বিভিন্ন দেশের অন্তত ১৪টি ফ্লাইট বোমা হামলার হুমকির মুখে পড়ে। এর মধ্যে কয়েকটি ফ্লাইটকে গন্তব্য পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

কয়েকটি উড়োজাহাজকে গন্তব্যে পৌঁছানোর আগে যুদ্ধবিমান দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি উড়োজাহাজগুলোতে বিস্ফোরক অনুসন্ধানে তল্লাশি চালানো হয়।

তবে এখন পর্যন্ত কোনো উড়োজাহাজে বিস্ফোরক বা বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের হুমকির ঘটনা ঘটল।

এর আগে মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ওই দিনও ইউরোপের একাধিক দেশের বিমানবন্দরে নিরাপত্তা তৎপরতা জোরদার করতে হয়।

তবে তদন্তে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ঘটনায় সবচেয়ে বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে চেক প্রজাতন্ত্রে।

দেশটির রাজধানী প্রাগের ভাক্লাভ হাভেল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি ফ্লাইটে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। একটি বেনামি ই-মেইলের মাধ্যমে এ হুমকি আসে। একই ধরনের ই-মেইল ইউরোপের অন্যান্য বিমানবন্দরেও পাঠানো হয়েছিল বলে জানিয়েছে চেক পুলিশ।

বৃহস্পতিবারের হুমকির পাশাপাশি মঙ্গলবারের ঘটনাগুলোর সঙ্গেও কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। এখন পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকেও এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

ইউরোপজুড়ে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় এগুলোকে ‘বিদ্বেষমূলক ভুয়া হুমকি’ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লাইটগুলোর গতিপথ পরিবর্তন এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পেছনে এমন হুমকিগুলো কাজ করেছে, যেগুলো মোকাবিলায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তার ভাষায়, এসব হুমকি ছিল বিদ্বেষমূলক ভুয়া হুমকি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026