রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৬

সৌরবিদ্যুৎ স্থাপনে ক্রয়প্রক্রিয়ায় সরকারের বিশেষ ছাড়

সৌরবিদ্যুৎ স্থাপনে ক্রয়প্রক্রিয়ায় সরকারের বিশেষ ছাড়

সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ক্রয়প্রক্রিয়ায় ‘বিশেষ ছাড়’ দিয়ে আইন করতে যাচ্ছে সরকার।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬-এ ক্যাপেক্স মডেলে ৫ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে লিমিটেড টেন্ডারিং মেথড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক না রাখার বিধানও রয়েছে।

প্রচলিত সরকারি ক্রয়বিধির বাইরে এমন বিশেষ সুযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। তাদের অভিযোগ, বিশেষ একটি গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা দিতেই অধ্যাদেশ জারি করা হয়েছে।

শুধু ক্রয়প্রক্রিয়ায় ছাড় নয়, আইনটি অধ্যাদেশের মাধ্যমে জারি করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ৩৯ দিন পর গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।

অথচ অধ্যাদেশ জারির মাত্র ২১ দিন পর ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের অধিবেশন শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা না করে— এত অল্প সময়ের জন্য অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা কী, তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।

তবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, অধ্যাদেশ জারির কারণে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ আগেই শুরু করা সম্ভব হয়েছে এবং এর ফলে ইতোমধ্যে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বিলের ৭ ধারায় বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে লিমিটেড টেন্ডারিং মেথড ব্যবহার করা যাবে।

একই ধারায় বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ক্রয়প্রক্রিয়ায় ই-জিপি পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক না রাখার বিধান রয়েছে।

এ ছাড়া ত্রিপক্ষীয় চুক্তির অনুমোদনকারী কর্তৃপক্ষ নির্ধারণ এবং চুক্তির মেয়াদ সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণের ক্ষমতাও রাখা হয়েছে।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুসরণ করা হয়।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিলের ৭ ধারায় এসব আইনি বিধানের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর বিধান সত্ত্বেও নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা পদ্ধতিতে কেনাকাটার সুযোগ রাখা হয়েছে।

ফলে এ আইনের আওতায় ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত কেনাকাটায় সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণ করা যাবে। অন্যদিকে, ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক না রাখার বিধানটি একই ধারায় পৃথকভাবে রাখা হয়েছে।

এই বিধানের মাধ্যমে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমে প্রচলিত সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু নিয়ম থেকে ছাড় দেওয়া হচ্ছে। সীমিত দরপত্র পদ্ধতিতে কেনাকাটার সুযোগ তৈরি হচ্ছে এবং সংশ্লিষ্ট ক্রয়ে ই-জিপিও বাধ্যতামূলক থাকছে না।

সরকারের যুক্তি, দ্রুত সৌরবিদ্যুৎ স্থাপন নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন। তবে এই ছাড়ের ফলে কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠী কীভাবে সুবিধা পাবে, সে প্রশ্ন তুলেছে বিরোধী দল।

বিলে আগে নেওয়া সরকারি সিদ্ধান্ত ও চলমান কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনার বিধানও রাখা হয়েছে।

এর ২২(৩) ধারায় বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য এ আইন কার্যকর হওয়ার আগে সরকার যেসব আদেশ, প্রজ্ঞাপন, নীতি ও নির্দেশিকা জারি করেছে এবং যেসব কার্যক্রম শুরু বা সম্পন্ন করেছে, সেগুলো এ আইনের অধীনে নেওয়া হয়েছে বলে গণ্য হবে।

অর্থাৎ অধ্যাদেশের ভিত্তিতে আগে নেওয়া সরকারি সিদ্ধান্ত ও শুরু হওয়া কার্যক্রমও নতুন আইনের আওতায় স্বীকৃতি পাবে।

গত ১০ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিলটি উত্থাপনের আগে এর বিরোধিতা করেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান।

তিনি ওইদিন সংসদে বলেন, বিশেষ একটি গোষ্ঠীকে অন্যায়ভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছে।

জানতে চাইলে নাজিবুর রহমান বলেন, অন্যান্য ক্রয়সংক্রান্ত বিষয়ে এলে আমরা দেখাবো। এখানে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, অন্যায়ভাবে সুবিধা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা সংসদের অধিবেশন না থাকা অবস্থায় আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে এ ক্ষেত্রে আশু ব্যবস্থা গ্রহণের মতো পরিস্থিতি বিদ্যমান থাকার শর্ত রয়েছে।

সংসদের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার পর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়। এর ২১ দিন পর ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হয়।

ফলে সংসদের পরবর্তী অধিবেশনে বিল উত্থাপন করে স্বাভাবিক আইন প্রণয়নপ্রক্রিয়ায় যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন অধ্যাদেশ জারি করা হলো, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতের এমপি নাজিবুর রহমান।

তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।

কিন্তু সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশ জারির সময় সংসদ অধিবেশন না থাকলেও পরবর্তী অধিবেশনের মধ্যে দুই মাসের বেশি বিরতি ছিল না। এমনকি অধ্যাদেশ জারির এক মাসেরও কম সময়ের মধ্যে আবার সংসদ বসেছে।

অধ্যাদেশের কারণ হিসেবে রাষ্ট্রপতির সন্তুষ্টির কথা উল্লেখ করা হলেও কী ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, তা ব্যাখ্যা করা হয়নি বলে অভিযোগ করেন নাজিবুর রহমান।

তিনি বলেন, একটা ফাংশনিং সংসদ রয়েছে। এটাকে বাইপাস করে সংসদের একটা আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটি রয়েছে, সেটাকে বাইপাস করে এই অধ্যাদেশ জারি করার প্রয়োজন পড়লো কেন? এটাকে আমি বলবো, আমাদের আইন প্রণয়নসংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

বিরোধী দলের অভিযোগের জবাবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, অধ্যাদেশ সম্পর্কে বিরোধী দলের সংসদ সদস্যদের ধারণা নেই।

সংসদের অধিবেশন না থাকলে জরুরি প্রয়োজনে সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সরকার সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই অধ্যাদেশ জারি করেছে। এখন সেটি সংসদে এসেছে, বিল উত্থাপন করা হয়েছে। সংসদে আলোচনা-সমালোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, তারা বলছে, অধ্যাদেশ জারি না করে কয়েক দিন পর সংসদের অধিবেশনে বিল আনা যেত। কিন্তু বিষয়টি হলো— আমরা এক মাস আগেই সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু করে দিয়েছি।

সারা দেশের বিভিন্ন জায়গায়, সব উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কাজ শুরু না করলে আরও সময় লাগতো। এই আইনের কারণে ইতোমধ্যে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

নুরুল ইসলাম মনি বলেন, সরকারের অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানেই দেওয়া আছে। সরকার সেই ক্ষমতা প্রয়োগ করে অধ্যাদেশ জারি করেছে। এখন সংসদ বসেছে, বিল আনা হয়েছে। সংসদে আলোচনা ও সমালোচনা হবে। আইনটি পাস করার সুযোগও রয়েছে।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করতে হয় এবং সংসদে উপস্থাপনের পর ৩০ দিনের মধ্যে আইন হিসেবে পাস না হলে এর কার্যকারিতা থাকে না উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

অধ্যদেশ নিয়ে জামায়াতের সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অধ্যাদেশ জারির ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি একটি সাবজেক্টিভ সন্তুষ্টি। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির এই সন্তুষ্টির ওপর সংসদ বা আদালতের প্রশ্ন তোলার সুযোগ নেই।

আইনমন্ত্রী সংসদে জানান, অধ্যাদেশটি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে সরকার যে বিল এনেছে, সেটি নতুন করে পরীক্ষা-নিরীক্ষা হবে। কার্যতালিকা অনুযায়ী বিলটি কমিটিতে যাবে, সেখানে যাচাই-বাছাইয়ের পর সংসদে আসবে।

আইনমন্ত্রী আরও বলেন, অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপনের পর সেটিকে আইনে রূপান্তর করা হবে কি না, সেই সার্বভৌম ক্ষমতা সংসদের রয়েছে। তবে অধ্যাদেশ জারির সময় রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়টি আলাদা।

বিলে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।

অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনে ও স্থাপন করে এর মালিকানা নিজেদের কাছে রাখতে পারবে। এ পদ্ধতিকে বলা হয়েছে ক্যাপেক্স মডেল।

বিলের ৫ ধারায় ওপেক্স ও ক্যাপেক্স— উভয় মডেলে বিনিয়োগের জন্য জেলাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডারের তালিকা তৈরির বিধান রাখা হয়েছে।

উপযুক্ত কর্তৃপক্ষ এ তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে সেবা প্রদানকারী বেছে নিতে পারবেন।

তবে গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবেন।

বিলে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির বিধান রয়েছে।

চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার গুণগত মান, কারিগরি মানদণ্ড, ই-বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ফেরত নেওয়া, উৎপাদিত বিদ্যুতের বণ্টন, মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নেট-মিটারিং, বিল পরিশোধ এবং বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

তবে বিলের ৫(৫) ও ৬(১) ধারার বিধান নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। ৫(৫) ধারায় গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, ৬(১) ধারায় গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির বিধান রয়েছে। সার্ভিস প্রোভাইডার ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচিত হলে ত্রিপক্ষীয় চুক্তি কীভাবে হবে, তা বিলে স্পষ্ট করা হয়নি। ফলে এ দুই ধারার বিধানের মধ্যে সমন্বয়ের বিষয়টি অস্পষ্ট।

এ ছাড়া স্রেডাকে ওয়েবসাইটে তথ্য সংরক্ষণ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার নেট-মিটারিংয়ের ক্ষেত্রে প্রণোদনামূলক কার্যক্রমও ঘোষণা করতে পারবে।

বিলে সৌরবিদ্যুৎ চুরি, যন্ত্রপাতি চুরি বা ক্ষতিসাধন, অবৈধ সংযোগ এবং স্থাপন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণে বাধা দেওয়ার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।

বিদ্যুৎ চুরির অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। যন্ত্রপাতির ক্ষতিসাধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার অপরাধেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026