রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৬

শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাতে ব্যর্থ ভারত

শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাতে ব্যর্থ ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে দুই বছর আগে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন।

আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি।

শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহূর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দুই বছর হতে চলল তারা ঝুলিয়ে রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারবার বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মিমাংসা করা হবে।

কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনো ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনো তৎপরতা দেখাচ্ছে?

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনোদেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই– সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।

ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল।

দুই পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?

শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা ‘কূটনৈতিক বার্তা’র মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।

ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি – হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে‌ অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?

এর উত্তরে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু – তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।

কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে –তা কল্পনারও অতীত। যদি সেটা করা হয়– তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে।

যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনো নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।

তাছাড়া শেখ হাসিনা যখন ২০২৪-র ৫ অগাস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না– ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাস’-এ কোনো পরিবর্তন হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।

দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।

সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।

এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026