রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯

ফ্রান্সে সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী

ফ্রান্সে সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী

ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নষ্ট করার সাইবার হামলার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হাত রয়েছে বলে অভিযোগ করেছে ফ্রান্স।

গত মাসে দেশটির শত শত সুপারমার্কেটে এ হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, হামলাটি এর ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রার দিক থেকে নজিরবিহীন। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বারো বলেন, ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে এ হামলা দেশটির ভূখণ্ডে বড় পরিসরে নাশকতামূলক সাইবার হামলার প্রথম ঘটনা। এটি জাতীয় স্বার্থ ও ফরাসি জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত।

তিনি জানান, এ ঘটনায় তেহরানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাতে প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি সরকার। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় ও আনুপাতিক যেকোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্যারিসের সরকারি কৌঁসুলি লর বেকুও জানান, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধান এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউনিটটির নাম শহিদ কাভেহ। এটি আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছেন তিনি।

শহিদ কাভেহ নামে পরিচিত হ্যাকারদের একটি দল সরাসরি ইরানি সরকারের হয়ে কাজ করে বলে ধারণা করা হয়।

গত ১১ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটে ব্যবহৃত রেফ্রিজারেশন ব্যবস্থার তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।

এতে দেশটির কোঅপারেটিভ ইউ-এর শতাধিক সুপারমার্কেট এবং ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেটোর ১৮০টি দোকান আক্রান্ত হয়।

কোনো কোনো দোকানে রাতের মধ্যে ফ্রিজের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় বলে জানা গেছে। ফলে বিপুল পরিমাণ হিমায়িত ও ঠান্ডা খাবার নষ্ট হয়ে যায়।

ক্যারফুর, মনোপ্রি ও ই. লেক্লের্কের মতো বড় খাদ্যপণ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও এ হামলার শিকার হয়। হামলার লক্ষ্য ছিল ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে দূর থেকেই সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

চলতি মাসের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের সাইবার হামলার দ্বিতীয় ঢেউ দেখা যায়। এতে বেলজিয়াম ও লুক্সেমবার্গের শতাধিক দোকান আক্রান্ত হয়। এ ছাড়া সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি দোকানেও হামলার ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে রহস্যজনকভাবে ফ্রিজ বিকল হয়ে খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিও পরিকল্পিত সাইবার হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফ্রিজ ও শীতলীকরণ ব্যবস্থায় ধারাবাহিক এসব হামলার পর কোন হ্যাকার গোষ্ঠী এর পেছনে রয়েছে, তা নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়।

সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকায় ইরানের নামও ছিল। বুধবার রাশিয়াপন্থী দুটি হ্যাকটিভিস্ট গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও তাদের দাবিকে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে করেননি সংশ্লিষ্টরা।

তবে ফরাসি সরকার কীভাবে ইরানকে এ হামলার জন্য দায়ী করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সাইবার হামলার উৎস শনাক্ত করা বেশ কঠিন, কারণ হ্যাকাররা নিজেদের অবস্থান ও পরিচয় গোপন রাখতে পারে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের কয়েকজন রাজনীতিক ও বিশ্লেষক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রতিশোধমূলক হামলা চালানোর পক্ষে মত দিয়েছেন।

আইআরজিসি সত্যিই এসব সাইবার হামলার সঙ্গে জড়িত কি না এবং তা ইরানের প্রতিরোধ কৌশলের অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026