রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৮

যুক্তরাজ্যের স্কুলে মোবাইল ফোন পকেটে রাখার ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের স্কুলে মোবাইল ফোন পকেটে রাখার ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে দেশটির সরকার।

নতুন নীতিমালা অনুযায়ী, স্কুল চলাকালে শুধু ফোন ব্যবহার নয়, ব্যাগ কিংবা পকেটেও মোবাইল ফোন রাখা যাবে না।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে নতুন এই নির্দেশনা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত জুনে জারি করা সরকারি নির্দেশনায় স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোকে সার্বক্ষণিক মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন নিয়মে ফোন সাইলেন্ট করে ব্যাগে রাখার সুযোগও বন্ধ হচ্ছে।

যুক্তরাজ্যের শিক্ষাসচিব লুসি পাওয়েল বলেছেন, স্কুল হচ্ছে পড়াশোনা এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার জায়গা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর জন্য স্কুল নয়।

সরকারের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের অবাধ উপস্থিতি শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিচ্ছে।

নতুন নিয়ম বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব অবশ্য স্কুলগুলোর ওপরই রাখা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান বিশেষ পাউচে ফোন সিল করে রাখছে, কেউ আবার ডিজিটাল লকযুক্ত লকার ব্যবহার করছে।

কিছু স্কুল দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করে, আবার কোথাও স্কুলে ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন নাগালের বাইরে রাখতে তাদের প্রতিষ্ঠান মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচ ব্যবস্থায় ২০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে।

শুরুতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে তাদের পারস্পরিক যোগাযোগ বেড়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ ও পরীক্ষার ফলাফলেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার ডেম র‌্যাচেল ডি স্যুজা। তবে নতুন নিয়ম কার্যকর করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান বলেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায়, এতে সন্দেহ নেই। তবে নতুন নীতি যথাযথভাবে বাস্তবায়ন করতে স্কুলগুলোর বাড়তি অর্থ প্রয়োজন।

অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্সের সাধারণ সম্পাদক পেপে ডি’ইয়াসিওর আশঙ্কা, সব প্রতিষ্ঠানে বিশেষ পাউচ কিংবা নিরাপদ সংরক্ষণব্যবস্থা চালু করতে হলে বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। সরকারের আর্থিক সহায়তা ছাড়া অনেক স্কুলের পক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

অর্থায়নের বিষয়ে শিক্ষাসচিব লুসি পাওয়েল জানিয়েছেন, স্কুলগুলো কী পদ্ধতিতে মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রতিষ্ঠানপ্রধানদের হাতেই রাখতে চায় সরকার।

জেনারেশন ফোকাসের সহ-প্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটনও নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, ফোন ব্যাগে রেখে সাইলেন্ট মোডে রাখার বর্তমান ব্যবস্থা কার্যকর হচ্ছে না।

শিক্ষার্থীরা এখনো স্কুলের শৌচাগারে গিয়ে টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। তাই শিক্ষার্থীদের সার্বক্ষণিক ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ওপর নির্ভরতা কমানো জরুরি।

এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া শিক্ষাসচিব লরা ট্রটও সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

তার দাবি, স্কুলে স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে বিরোধী দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে এই পদক্ষেপে।

তবে শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা ও নীতিমালা নিয়েও আরও সমন্বিত পরিকল্পনার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থা পরিচালনার দায়িত্ব যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে পৃথক হওয়ায় মোবাইল ফোন ব্যবহারের নিয়মেও পার্থক্য রয়েছে। স্কটল্যান্ড সরকার স্কুলে ব্যক্তিগত ফোন ব্যবহারে বিধিনিষেধ আনতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ওয়েলসের পার্লামেন্ট শ্রেণিকক্ষে ফোন ব্যবহারে জাতীয় পর্যায়ে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ করেছে। সেখানে স্কুলগুলোকে নিজস্ব নীতিমালা তৈরির স্বাধীনতা দেওয়া হয়েছে।

উত্তর আয়ারল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করতে আইন করা যায় কি না, তা যাচাইয়ে শিক্ষামন্ত্রী পল গিভান ১২ সপ্তাহের জনপরামর্শ কার্যক্রম শুরু করেছেন।

তবে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এই উদ্যোগের সঙ্গে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি আলাদা।

আগামী মার্চে কার্যকর হওয়ার কথা থাকা ওই বিধিনিষেধে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হবে।

এ ছাড়া যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম ভিন্টেড ও ইবেকেও সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026