শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬

স্মার্ট কার্ডের অভিজ্ঞতা নিতে: কমিশনারদের সিরিজ বিদেশ সফর

স্মার্ট কার্ডের অভিজ্ঞতা নিতে: কমিশনারদের সিরিজ বিদেশ সফর

তামান্না মোমিন খান: স্মার্ট কার্ডের অভিজ্ঞতা অর্জনের নামে চলছে নির্বাচন কমিশনারদের বিদেশ সফরের মহড়া। আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে অভিজ্ঞতা অর্জনের নামে চলছে এ বিদেশ সফর। এ বছরের মধ্যে ভোটারদের স্মার্ট কার্ড দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম ও আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন আমেরিকা সফর শেষ করেছেন। গত ১৭ই এপ্রিল অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সফরে গেছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য দু’জন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি ও আইডিইএ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আবদুল বারী। ২৭শে এপ্রিল দেশে ফিরেছেন তারা। গত ৫ই মে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে গেছেন এবং ফিরেছেন ১১ই মে।

এ প্রতিনিধি দলে রয়েছেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম, ডিরেক্টর মো. মহসীন আলী ও ডেপুটি চিফ ড. মো. আমজাদ হোসেন। এ দলটি ফেরার পরই ১৬ই মে ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণে গেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। দলে আছেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ মো. সাইফুল হক চৌধুরী। বাংলাদেশ সরকার ২০১১ সালের ২১শে জুলাই (আইডিইএ) প্রকল্পের জন্য বিশ্বব্যাংক ১৩৭৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। ২০১৬ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। আড়াই বছরে ১৪শ’ কোটি টাকার এ প্রকল্পের অগ্রগতি হয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ। এ প্রকল্পের বেশির ভাগ অর্থই ইতিমধ্যে বেতন-ভাতা ও বিদেশ সফরে খরচ হয়েছে।

আগামী জুন মাসে বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল আইডিয়া প্রকল্পের অগ্রগতি দেখতে দেশে আসবে। এরপর বাকি অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এত দিন কালক্ষেপণ করার পর বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের কাছে স্মার্ট কার্ডের দৃশ্যমান অগ্রগতি দেখাতেই বিদেশ সফর নিয়ে ব্যস্ত রয়েছেন কমিশনাররা। গত ৩০শে এপ্রিল স্মার্ট কার্ড তৈরি বিতরণের জন্য আন্তর্জাতিক দরপ্রত্র আহ্বান করা হয়।

এ ছাড়াও স্মার্ট কার্ডের মূল পরিকল্পনার জন্য আন্তর্জাতিক মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। এ প্রকল্পের এখনও অনেক কাজ বাকি রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মোহম্মদ আবু হাফিজ বলেন, যা দেরি হওয়ার তা তো হয়েই গেছে। এ পর্যন্ত স্মার্ট কার্ডের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এরপর টেকনিক্যাল মূল্যায়ন করা হবে। তারপর প্রকল্পটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। এ বছরের মধ্যে স্মার্ট কার্ড দেয়া সম্ভব হবে বলে জানান এ কমিশনার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026