পুর্ব লন্ডনে ৪০ বছর বয়স্ক ইরন মিয়াকে নিজ ঘরের দরজায় মাথায় গুলি করে হত্যার দায়ে অপর এক ব্রিটিশ বাংলাদেশিসহ তিন জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির পুলিশ।
আদালতে ডেগেনহামের বাসিন্দা মোহাম্মদ মোশার আলী (৩১), ইলফোর্ডের আন্তোনিও অ্যাফ্লিক-ম্যাকলিওড (৩২) এবং ফুলহামের অ্যারন ক্যাম্পবেলকে (৩২) দোষী সাব্যস্ত করা হয়। আগামী ১৬ জানুয়ারি তাদের সাজা ঘোষণা করা হবে।
দোষী সাব্যস্ত তিনজনের যোগাযোগে ব্যবহৃত অস্থায়ী নতুন নম্বরের সূত্র ধরে গোয়েন্দারা তাদের যোগাযোগের মূল প্রমাণ প্রকাশ করেন। হত্যাকাণ্ডে ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি ব্যবহৃত হয়।
পুলিশ আদালতকে বলে, হত্যার আগের দিন বার্কিং-এর মুভার্স লেনের একটি কনভেনিয়েন্স স্টোর থেকে এক ব্যক্তি একটি সিম কার্ড কিনেছিলেন। অফিসাররা সিসিটিভি ফুটেজ থেকে অ্যাফ্লিক-ম্যাকলিওডকে তার ঘাড়ে একটি ট্যাটু দ্বারা শনাক্ত করেন।
ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ডেভিড হুইলামস বলেছেন, ইরনের পরিবার যাতে তাদের প্রাপ্য ন্যায়বিচার পেতে পারে তা নিশ্চিত করতে আমরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। একটি আবাসিক এলাকায় এটি ছিল পরিকল্পিত নৃশংস হত্যা।
দোষী সাব্যস্ত তিন ব্যক্তি নিঃসন্দেহে জেলে একটি বড় সময় কাটাবেন। আমরা ইরনের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা তাদের প্রিয়জনকে হারানোর ট্রমা নিয়ে বেঁচে থাকার সময়েও তদন্তে অত্যন্ত সহায়তা করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ নভেম্বর টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলের নেলসন স্ট্রিটে গুলিবিদ্ধ হয়ে দুই দিন পরে হাসপাতালে মারা যান ইরন। গোয়েন্দারা মোবাইল ফোনের সূত্র ধরে খুনিদের শনাক্ত করে। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) অভিযুক্তদের লন্ডনের ওল্ড বেইলি আদালতে তুলে বিচারের মুখোমুখি করা হয়।
Leave a Reply