শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩

যুক্তরাজ্যের সাসেক্সে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১৮

যুক্তরাজ্যের সাসেক্সে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১৮

দক্ষিণ ইংল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের লুইসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের কয়েকটি বগি কাত হয়ে পড়ায় ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সাউথ ইস্ট কোস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, গুরুতর আহত দুজনসহ মোট ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ১৬ জন তুলনামূলক কম গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স, দমকলকর্মী ও পুলিশ সদস্য পাঠানো হয়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ইয়ান ড্রামন্ড-স্মিথ জানান, ঘটনাটিকে ‘বড় ধরনের জরুরি পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে এবং সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে লন্ডন ভিক্টোরিয়া থেকে ইস্টবোর্নের দিকে যাচ্ছিল সাউদার্ন রেলের ট্রেনটি। ট্রেনটির শেষ তিনটি বগি কী কারণে রেললাইন থেকে ছিটকে পড়ে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে ট্রেনের কয়েকটি বগিকে পাশ ফিরে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা দ্রুত সেখানে পৌঁছে যাত্রীদের বের করে আনেন। ড্রামন্ড-স্মিথ জানান, ট্রেনে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

যেসব যাত্রীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়নি, তাদের কাছের একটি কমিউনিটি সেন্টারে নিয়ে অতিরিক্ত সহায়তা দেওয়া হয়।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৫৬ বছর বয়সী মার্কিন নাগরিক ইয়ানা লুডভিগ ঘটনাটিকে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দের পর সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বগিটি পাশ ফিরে পড়ে যায়। দুর্ঘটনায় তিনি নিজেও বেশ আহত হয়েছেন বলে জানান।

লুডভিগ বলেন, বগির ভেতরে থাকা যাত্রীরা একে অপরের খোঁজ নিচ্ছিলেন এবং উদ্ধারকারী দল আসার অপেক্ষা করছিলেন।

ইস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযানে ১০টি ফায়ার ইঞ্জিন, একটি কমান্ড সাপোর্ট ইউনিট, কারিগরি উদ্ধারকারী দল এবং অন্যান্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের বের করে আনতে এবং অন্যান্য জরুরি সংস্থাকে সহায়তা করতে দমকলকর্মীরা কাজ করেছেন। দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত জরুরি পরিষেবার কর্মীদের ধন্যবাদ জানান এবং যাত্রীদের সহায়তায় রেল কর্তৃপক্ষ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে দ্রুত কাজ করার কথা বলেন।

ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে রেল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। সংস্থাটি দুর্ঘটনার বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

নেটওয়ার্ক রেলের সাসেক্স রুটের পরিচালক লুসি ম্যাকঅলিফ জানিয়েছেন, হোয়ার্ড হিথ ও লুইসের মধ্যকার রেলপথ কিছু সময় বন্ধ থাকতে পারে। বিশেষজ্ঞ দলগুলো দুর্ঘটনার পর রেলপথের অবস্থা পরীক্ষা করছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তদন্তকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কী ঘটেছে তা নির্ধারণের চেষ্টা চলছে এবং যথাসময়ে আরও তথ্য দেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার সময় যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহ চলছিল। বৃহস্পতিবার দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। প্রচণ্ড গরমের কারণে দেশটির বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন বাতিল করা হয় এবং কিছু ট্রেনকে কম গতিতে চলতে বলা হয়।

উচ্চ তাপমাত্রায় রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আগে সতর্ক করেছিল নেটওয়ার্ক রেল। তবে বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে তাপপ্রবাহের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবহন শ্রমিক ইউনিয়ন টিএসএসএ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এত বিপুলসংখ্যক যাত্রী জড়িত থাকায় তাদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সাউদার্ন রেল জানিয়েছে, উদ্ধারকারী দল, রেল প্রকৌশলী ও বিশেষজ্ঞদের নিরাপদে কাজ করার সুযোগ দিতে লুইস স্টেশনের সব রেললাইন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের ওই পথে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

দুই মাসের মধ্যে যুক্তরাজ্যে এটি দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। এর আগে জুনে দক্ষিণ-মধ্য ইংল্যান্ডের বেডফোর্ডের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026