নিউজ ডেস্ক: কোরবানীর ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভারতীয় গরুতে সয়লাব হয়ে উঠছে নোয়াখালীর হাটবাজারগুলো। ঈদকে সামনে রেখে বাজারগুলোতে সারি সারি হয়ে দাড়িয়ে থাকা ভারতীয় গরু ছিল চোখে পড়ার মতো।
নোয়াখালী সদরের দত্তের হাট, ওদার হাট, খাসেরহাট, আক্তার মিয়ার হাট, ভাটিরটেক বাজার, করমুল্যাহ, নুরু পাটওয়ারীর হাটসহ প্রায় জেলার সবগুলো বড় বড় বাজার রয়েছে ভারতীয় গরুতেই সাজানো। তবে ভারতীয় গরুর প্রতি সাধারন ক্রেতাদের আকর্ষণ কম বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন। দেশি গরুর দাম বেশি বা কম হোক সেদিকেই ঝুঁকে পড়ছেন সবাই।
বাজার ব্যবসায়ীরা বলেন, ভারতীয় গরুর কদর কি! আমার জানা মতে যারা নিজেদের পছন্দসই দেশি গরু মেলাতে পারবে না তারাই কেবল ভারতীয় গরু কিনবেন।
এদিকে ভারতীয় গরু ব্যাপারী কামাল উদ্দিন, সোবান সর্দারসহ অনেকে জানান, সরকারকে কর দিয়েই ভারতীয় সীমান্ত বাজার থেকে বৈধভাবে গরু আনা হয়েছে। গরু আনতে তাদেরকে পথে পথে অনেক জায়গায় চাঁদাবাজির শিকারও হতে হয়েছে। তবে ঈদকে সামনে রেখে ভারতীয় গরু ব্যাপারীরা ওপার থেকে আনা গরুগুলোর ন্যায্য মূল্য পাবেন কিনা সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন।