রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ‘ব্রেক্সিট’ কার্যকর হয়নি বলে মন্তব্য করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

একই সঙ্গে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে চলতি সপ্তাহেই ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নতুন চুক্তিতে স্বাক্ষর করার ঘোষণা দেবেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের সিটি অব লন্ডনে লর্ড মেয়রের ভোজসভায় দেওয়া এক ভাষণে বার্নহাম এই অবস্থান তুলে ধরবেন।

এর আগে গত শনিবার ওয়েলশ লেবার পার্টির সম্মেলনেও তিনি ব্রেক্সিটের কড়া সমালোচনা করে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার মাধ্যমে যুক্তরাজ্য লাভের চেয়ে হারিয়েছে বেশি।

চলতি সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বার্নহাম। এই সম্মেলন থেকে তিনি খাদ্য ও কৃষি, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের অবাধ চলাচল (ইয়ুথ মোবিলিটি স্কিম) সংক্রান্ত বেশ কিছু চুক্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়েছেন।

প্রধানমন্ত্রীর মতে, এসব চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাজ্যের জিডিপি ০.৪ শতাংশ বা প্রায় ১ হাজার ৭০০ কোটি পাউন্ড বৃদ্ধি পেতে পারে।

ভোজসভার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করে বার্নহাম বলবেন, নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি। বরং দেশকে একটি অপ্রয়োজনীয় কঠোর ব্রেক্সিটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যা ব্যবসার পথে বাধা সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

রূপক অর্থে ‘রাজার নতুন পোশাক’ গল্পের উদাহরণ টেনে তিনি বলবেন, স্পষ্ট সত্যটি বলার মতো সাহস কারো না থাকলেও তিনি বাস্তবতা স্বীকার করে বলছেন যে, ব্রেক্সিট কাজ করেনি।

তবে ইইউর সঙ্গে এই নতুন চুক্তির ক্ষেত্রে তিনটি শর্তের কথা উল্লেখ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথমত, চুক্তিটি লেবার পার্টির নির্বাচনি ইশতেহার এবং সরকারের নির্ধারিত সীমারেখার মধ্যে থাকতে হবে।

দ্বিতীয়ত, এটি বর্তমান ব্রেক্সিট চুক্তিকে উন্নত করে ২০১৬ সালে জনগণ যে প্রত্যাশায় ভোট দিয়েছিল তার কাছাকাছি নিয়ে যাবে।

তৃতীয়ত, তথাকথিত ‘মেকারফিল্ড পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দৃশ্যমান পরিবর্তন আনবে। এই উদ্যোগকে উভয় পক্ষের জন্যই লাভজনক এবং একটি গঠনমূলক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করবেন তিনি।

এদিকে ইইউ সম্পর্ক বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার রোববার বিবিসিকে জানিয়েছেন, নতুন চুক্তির আওতায় যুক্তরাজ্য আলোচনায় কথা বলার সুযোগ পেলেও ইইউর খাদ্য নীতিমালায় কোনো ভোটাধিকার পাবে না।

এ ছাড়া ভবিষ্যতে যুক্তরাজ্যে রিফর্ম বা কনজারভেটিভ সরকার ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল করতে পারে—এমন আশঙ্কা থেকে চুক্তিতে একটি ‘প্রস্থান ধারা’ (এক্সিট ক্লজ) যুক্ত করার কথা ভাবছে ইইউ। পূর্বে ‘ফারাজ ক্লজ’ নামে পরিচিত এই ধারাটি রাজনৈতিক পটপরিবর্তনের ফলে চুক্তি বাতিলের সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দেবে।

অন্যদিকে, ২০২২ সালে পদত্যাগ করা সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ব্রেক্সিট নিয়ে আবারও ভোট হলে ব্রিটেন অবশ্যই বিচ্ছেদের পক্ষেই ভোট দেবে।

জনসনের মতে, ব্রেক্সিট ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে সামনে এনে বার্নহ্যাম নিজেকে এবং নিজের দলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কারণ দেশের মানুষ বোকা নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026