রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়

যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

শুক্রবার দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রায় পাঁচ ঘণ্টা সব অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধ রাখে। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

শুক্রবার অন্তত ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল এবং ১০হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া শনিবারের জন্য নির্ধারিত আরও প্রায় ৭০০ ফ্লাইট আগেই বাতিল করা হয়েছে। বিপর্যয়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের কয়েকটি বড় বিমানবন্দরেও।

এতে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা নয়, কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ৫৪ মিনিট) এফএএ দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। বিমান চলাচলের রুট নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তার স্বার্থে ‘অস্বাভাবিক পরিস্থিতি ও কারণ’ উল্লেখ করে এ নির্দেশ জারি করা হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।

২৫ বছরের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময়ের উড্ডয়ন বন্ধের ঘটনা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের এটি দ্বিতীয় ঘটনা।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, উড়োজাহাজ চলাচল তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।

পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর নির্ভর করে ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি। শুক্রবার রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিবহনমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের বাইরেও এ বিপর্যয়ের প্রভাব পড়েছে। ইউরোপের প্রধান কয়েকটি বিমানবন্দরে শুক্রবার ও শনিবার ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন দেখা গেছে। প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল-৩-এ শনিবার সকালে যুক্তরাষ্ট্রগামী অন্তত তিনটি ফ্লাইট বাতিলের তথ্য দেখা যায়। এসব ফ্লাইটের গন্তব্য ছিল ডালাস, লস অ্যাঞ্জেলেস ও শিকাগো।

এফএএর নির্দেশের কারণে শুক্রবার দেশজুড়ে বিমানবন্দরগুলোতে নতুন করে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ হয়ে যায়। বিমান চলাচলের রুট নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসব কেন্দ্রের কাজ হলো যুক্তরাষ্ট্রের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলাচলকারী উড়োজাহাজের গতিপথ নিয়ন্ত্রণ ও বিভিন্ন নিয়ন্ত্রকের মধ্যে সমন্বয় করা।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে কয়েকটি সুইচ ও রাউটার অকার্যকর হয়ে পড়ে। এর ফলে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে। তবে যোগাযোগ ও রাডার সক্ষমতা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা হুমকি থেকেও এ পরিস্থিতির সৃষ্টি হয়নি।

চলতি সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে যে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল, তার সঙ্গেও এ ঘটনার সম্পর্ক নেই। তিনি বলেন, সবাই নিরাপদে আছেন। এটি আরেকটি ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা নয় এবং কোনো সাইবার হামলার আশঙ্কাও করা হচ্ছে না।

ট্রাম্প প্রশাসন এ বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের পুরনো বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের মুখে পড়া রাউটারগুলোকে দায়ী করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরনো ব্যবস্থার আধুনিকায়নে এফএএর বিভিন্ন উদ্যোগের মধ্যেই এ সমস্যা দেখা দিয়েছে।

ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। অনেককে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। নতুন করে টিকিট বুকিং করেও অনেকে ফ্লাইট ছাড়ার বিষয়ে নিশ্চিত হতে পারছেন না।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত নিউজিল্যান্ডের যাত্রী নিকোলাস এরদোদির সঙ্গে কথা বলে আলজাজিরা। একটি সম্মেলনে যোগ দিতে তিনি শিকাগো যাচ্ছিলেন।

এর আগে ১৬ থেকে ১৮ ঘণ্টা ভ্রমণ করার পর বিমানবন্দরে আরও ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয় তাকে। এক পর্যায়ে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

এরদোদি বলেন, বিমানবন্দরে কী করতে হবে, তা জানার জন্য কাউকে জিজ্ঞাসা করেও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তথ্যের অভাবই তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। রাত কাটানোর জন্য হোটেল খোঁজা এবং অতিরিক্ত খরচের বিষয়টিও তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026