শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পশ্চিম লন্ডনের ওয়েম্বলি এলাকায় গত বছর এক সিরীয় বংশোদ্ভূত সাবেক ইমামকে হত্যার অভিযোগে ২জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
তাদেরকে কমপক্ষে ৩২ বছর জেলে থাকতে হবে। অভিযুক্তরা হচ্ছেন খালিদ রশিদ (৬৩) ও লেসলি কুমার (৩৮)। খালিদ রশিদকে তার বাড়ীতে প্লাস্টিক বিস্ফোরক ও গোলাবারুদ রাখার দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে।
স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত ছিলেন সিরীয় এই ইমাম। আরওয়ানি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী ছিলেন এবং এ ব্যাপারে বিভিন্ন সময় তিনি বক্তব্যও রেখেছেন।
ইসলামী শরীয়াহ মতে বিয়ে ও তালাক বিষয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের একজন হিসেবে বিবেচনা করা হতো তাকে। অধিকাংশ সময় কাজী হিসেবে লন্ডনেই তিনি পেশাগত দায়িত্ব পালন করতেন।
জানা গেছে গত বছরের ৭ এপ্রিল পশ্চিম লন্ডনের ওয়েম্বলি এলাকা থেকে ৪৮ বছর বয়সী সাবেক ইমাম সিরীয় নাগরিক আবদুল হাদি আরওয়ানি এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তার বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সিরিয়ায় জন্মগ্রহণকারী আরওয়ানি পশ্চিম লন্ডনের অ্যাক্টন এলাকার আন-নূর মসজিদের সাবেক ইমাম ছিলেন বলে জানিয়েছে পুলিশ।