বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান তিনি। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

ভারতে দুই বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন কাটানোর পর এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনের পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

কারণ, দেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে।

শেখ হাসিনা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নতুন পাসপোর্ট সংগ্রহের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারকে তার যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব।

তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026