চৌধুরী মুমতাজ আহমদ: কেন্দ্রে সম্মেলন হবে। ঘুম হারিয়ে গেছে সিলেটের আওয়ামী পরিবারে। পদ প্রত্যাশী আছেন, তাদের অনুসারী আছেন। কারোরই ভাবনায় এখন আর কিছুই নেই। চোখ শুধু আটকে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।
কী হবে অক্টোবরের ২২ ও ২৩ তারিখে। ক’টা পদ সিলেটের ভাগ্যে জুটবে সে হিসাব মেলাতে ব্যস্ত তৃণমূলের নেতাকর্মীরা। তবে অত ভাবাভাবিতে নেই স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যারা পদের প্রত্যাশায় আছেন।
তাদের ভাবনা একটাই- স্বপ্নটাকে কি পারবেন মুঠোবন্দি করতে। স্বপ্ন সফলের চেষ্টাতেই তারা দিনরাত এক করে মাঠে ছুটছেন।
আওয়ামী লীগের সম্মেলন মানেই সিলেটের নেতাদের পকেটে ভারি ভারি পদ। একটা সময় এমনটাই রীতি হয়ে গিয়েছিল। হেভিওয়েট নেতাদের হেভিওয়েট পোস্ট- সিলেট মানেই সম্মেলনের লাইমলাইটের মুখ। এখনও যে একেবারে সে দিন নেই তা নই। উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে সিলেটের দুটো নাম আছে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
এবারও এ দুটো নাম যথাস্থানে থাকবে বলেই আশা করছেন সিলেট আওয়ামী পরিবারের সদস্যরা। তবে একটি নামের ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ তার সাফল্যের স্বীকৃতি হিসেবে হয়তো প্রেসিডিয়াম সদস্যের পদ পেতে পারেন- এমনটাই প্রত্যাশা সিলেটের তৃণমূলের নেতাকর্মীদের।
কেন্দ্রে সিলেটের তৃণমূলের প্রতিনিধি হিসেবে সবচেয়ে বড় পদে আছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। টানা দু’দফায় তিনি আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে। এবার তার চোখ একটু উপরের দিকে। যুগ্ম সম্পাদকের পদটি মুঠোবন্দি করার স্বপ্ন তার চোখে খেলা করছে। অবশ্য বর্তমান পদটিতে রয়ে গেলেও খুব একটা অখুশি হবেন না মিসবাহ উদ্দিন সিরাজ।
সাংগঠনিক সম্পাদক পদটির দিকে পাখির চোখ করে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানও। কয়েকটি কাউন্সিল ধরেই সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোচনার ‘শর্ট লিস্টে’ জায়গা হলেও চূড়ান্ত বাছাইয়ে পিছিয়ে পড়ছেন।
প্রতীক্ষায়-প্রতীক্ষায় কেটে গেছে তার অনেক দিন। তাকে ডিঙিয়ে তারই কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ আগেই সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এবার কি পারবেন কামরান সে জায়গাটি নিজের করে নিতে। কামরান অনেকটাই আশাবাদী। কারণ তার জন্য এ স্বপ্নটি আরো অনেকের চোখেই দেখতে পাচ্ছেন তিনি।
সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীরও দৃষ্টিসীমায় স্বপ্ন হয়ে ধরা দিয়েছে সাংগঠনিক সম্পাদকের পদটি। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক চৌধুরী গত জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রধান শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখিয়ে নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সে ত্যাগের মূল্যায়ন হয়তো সামনেই তার জন্য অপেক্ষা করছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নজরও একই পদের দিকে। ‘ক্লিন ইমেজধারী’ পরিচয়ে সিলেটের রাজনীতির মাঠে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন আসাদ উদ্দিন। এবার জাতীয় পর্যায়ের নেতা হওয়ার স্বপ্ন তার চোখেও আঁকা আছে।
সিলেট জেলায় যারা, নেতৃত্বের স্বপ্ন দেখার অধিকার কি কেবল তাদেরই। অন্যদের চোখে কি এমন স্বপ্ন খেলা করতে পারে না। তাই সাংগঠনিক সম্পাদক পদের লড়াইয়ের আলোচনায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডনও। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বাবার নাম যেমন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তেমনি ডনও অন্তর্ভুক্ত হতে চান আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে। জন্ম থেকেই আওয়ামী লীগের ছায়ায় বেড়ে ওঠা এ রাজনীতিবিদ দলের জন্য কিছু করতে চান।
হবিগঞ্জ থেকে কেন্দ্রে আসার স্বপ্ন দেখছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী। কেন্দ্রে আসার স্বপ্ন রয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি অ্যাডভোকেট আবু জাহিরেরও। হবিগঞ্জ থেকে তারা দু’জনেই স্বপ্ন দেখছেন সাংগঠনিক সম্পাদক পদটিকে ঘিরে।