রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০২

বড় বড় ব্যাংক ভয়ে লন্ডন ছাড়ছে ব্রেক্সিটের কারণে

বড় বড় ব্যাংক ভয়ে লন্ডন ছাড়ছে ব্রেক্সিটের কারণে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বৃটিশ সরকার দেশটিতে মানুষের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু তা করতে গেলে ইইউ’র একক বাজারে প্রবেশাধিকার হারাবে বৃটেন।

ইইউ থেকে বৃটেনের প্রস্থানের ফলে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় দেশটি থেকে অন্যত্র সরে যাওয়ার পরিকল্পনা করছে বৃহৎ ব্যাংকগুলো। এমন সতর্কতা উচ্চারণ করেছেন বৃটিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিবিএ) প্রধান অ্যান্থনি ব্রাউন।

তিনি বলেছেন, অনেক ছোট ছোট ব্যাংক বড়দিনের আগেই নিজেদের দপ্তর অন্য কোথাও সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। আর বড় ব্যাংকগুলোও ২০১৭ সালের প্রথম কয়েক মাসের মধ্যেই একই পথ ধরবে। বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের রোববারের সংস্করণ দ্য অবজারভারে লেখা এক নিবন্ধে এসব বলেন তিনি।

বিবিএ প্রধান লিখেছেন, অর্থনীতির অন্য যেকোনো খাতের চেয়ে ব্রেক্সিটের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সম্ভবত ব্যাংকিং খাত। তিনি বলেন, এখন পর্যন্ত ব্রেক্সিট নিয়ে যে ধরনের সমঝোতার সুর শোনা যাচ্ছে তাতে ব্যাংকগুলো উদ্বিগ্ন।

তার মতে, ইইউ ও বৃটিশ রাজনীতিকদের বাগাড়ম্বর পরিস্থিতিকে কঠিন করে তুলছে। এছাড়া দু’পক্ষ শেষ পর্যন্ত যে চুক্তিতে সম্মত হবে, তাতে ব্যাংকগুলোর সামনে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেয়া ছাড়া তেমন কোনো উপায় নেই।

স্কাই নিউজের খবরে বলা হয়, ইইউ বিধান মতে, কোনো দেশ একক বাজারে প্রবেশাধিকার পেতে পারে, যদি ওই দেশের ভেতর ইইউ নাগরিকরা বিনা বাধায় চলাচল করতে পারেন। আবার বৃটেনের ব্যাংকগুলোর জন্য ইইউ’র একক বাজারের সুবিধা ভীষণ গুরুত্বপূর্ণ।

কারণ, একক বাজারে প্রবেশাধিকার থাকলে যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকগুলো ইইউ’র সকল সদস্য রাষ্ট্রে নিজেদের আর্থিক সেবা প্রদান করতে পারে। এ জন্যই অনেক মার্কিন বিনিয়োগ ব্যাংক যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকেই নিজেদের সদর দপ্তর হিসেবে বেছে নিয়েছে। তাই যুক্তরাজ্য একক বাজারের সুবিধা হারালে অনেক ব্যাংকই লন্ডন থেকে সরে যেতে চাইবে।

তবে নিজের নিবন্ধে অ্যান্থনি ব্রাউন বলেছেন, এই অবস্থা সত্ত্বেও তার বিশ্বাস যুক্তরাজ্যের আর্থিক শিল্প অপূরণীয় ক্ষতির মুখোমুখি হবে না। তিনি বলেন, বৈশ্বিক আর্থিক খাতের কেন্দ্রস্থল হিসেবে লন্ডন টিকে থাকবে। অর্থ ব্যবস্থার উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। শেষ পর্যন্ত একটা না একটা পথ খুঁজে পাবেই। কিন্তু আর্থিক সেবার বাণিজ্যে বাধা তৈরির কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। শুধু যুক্তরাজ্য নয়, মূল ইউরোপও ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে বৃটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, আর্থিক সেবা ও অন্যান্য খাতের ওপর বিভিন্ন মাত্রার সম্ভাব্য প্রভাবের বিষয়টি অনেক কর্মকর্তাই বিবেচনা করছেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শহরের (লন্ডন) নেতৃত্বস্থানীয় অবস্থান বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

স্কাই নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক বেথ রিগবি বলেন, ‘আমরা জানি অর্থ মন্ত্রণালয়ে এ নিয়ে ব্যাপক উদ্বেগ কাজ করছে। কিছু ব্যাংক ইতিমধ্যেই বেরিয়ে যেতে শুরু করেছে বলে কিছু লক্ষণ দেখা যাচ্ছে।’ এ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে গোল্ডম্যান শ্যাখসের মতো ব্যাংক। বেথ রিগবি বলেন, বিশ্বের অন্যতম প্রধান এই বিনিয়োগ ব্যাংকটি লন্ডন থেকে দুই হাজার লোক সরিয়ে নিয়ে যাবে ইইউ’র আরেকটি আর্থিক কেন্দ্রে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026