শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে বৃটিশ সরকারকে আদালতে টেনে নিয়ে যাওয়া গিনা মিলারকে সতর্ক করেছে পুলিশ।
বলা হয়েছে, নির্যাতনের শিকার হতে পারেন তিনি। এ জন্য তার বাইরে বের হওয়া অনিরাপদ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
উল্লেখ্য, ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আদালতের আশ্রয় নিয়ে বৃটিশ সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছেন গিলা মিলার।
এতদিন বলা হচ্ছিল, নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী তেরেসা মে পার্লামেন্টের অনুমোদন ছাড়াই লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করে শুরু করতে পারবেন ব্রেক্সিট প্রক্রিয়া। কিন্তু এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান গিনি মিলার। আদালত তার জবাবে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে।
হাইকোর্ট বলেছে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবে না সরকার। অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে হলে আগে পার্লামেন্টে এ বিষয়টি ভোটে দিতে হবে। এতে ভোট দেবেন এমপিরা। যদি তাতে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার পক্ষে রায় আসে তাহলেই সরকার ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবে।
এর মাধ্যমে কার্যত ব্রেক্সিট প্রক্রিয়া আটকে যায় বলে বৃটিশ মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। আগামী ৫ই ডিসেম্বর এ বিষয়ে শুনানি শুরু হওয়ার কথা।
ওদিকে সরকার ও জনগণের ব্রেক্সিটের পক্ষের রায়কে এমন চ্যালেঞ্জের মুখে ফেলার কারণে তীব্র ক্ষোভের মুখে রয়েছেন মিলিয়নিয়ার ব্যবসায়ী নারী গিনা মিলার।
এরই মধ্যে তার পরিবার টার্গেটে পরিণত হয়েছে। ফলে পুলিশ তাকে বাড়ির বাইরে যাওয়া অনিরাপদ বলে সতর্ক করেছে।
বিবিসিতে ‘অ্যানড্রু মার শো’তে ব্রেক্সিটের পক্ষে দৃঢ় অবস্থানকারী নাইজেল ফারাজের সঙ্গে তার উপস্থিতির পর তার সন্তানরা মৌখিক হয়রানির শিকার হয়েছে। এ বিষয়ে গিনা মিলার পুলিশে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আমরা যে সমাজে বাস করি তার তো চেহারা এমন না।