শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি ন্যাটোকে ‘অধুনালুপ্ত’ (অবসোলেট) হিসেবে আখ্যায়িত করেছেন।
বলেছেন, বৃটেনের পর আরও অধিক দেশ ইউরো
পীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে। এর মধ্য দিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের পতনের দিকে ইঙ্গিত করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
তিনি বলেছেন, সিরিয়ার শরণার্থীদের জন্য জার্মানির সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন অ্যাঙ্গেলা মারকেল। তার এই সিদ্ধান্ত ‘বিপর্যয় সৃষ্টিকারী’ বা ক্যাটাস্ট্রোফিক। এর ফলে ইউরোপে যে তিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাতে এগিয়ে আছে জার্মানি ও ফ্রান্স। বার্লিনে অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, আমাদের নিজেদের হাতে আমরা ইউরোপীয়ানদের পরিণতি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে আরও এক ধাপ এগিয়ে গেছেন।
তিনি বলেছেন, বাইরের কারো উপদেশের প্রয়োজন নেই ইউরোপীয় ইউনিয়নের। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুটি পত্রিকাকে সাক্ষাতকার দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এ পত্রিকা দুটি হলো বৃটেনের দ্য টাইমস ও জার্মান পত্রিকা বিল্ড। এতে তিনি পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
এতে তিনি ন্যাটো, জার্মানি, সিরিয়া, ইরাকসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি ন্যাটোকে ‘অধুনালুপ্ত’ হিসেবে আখ্যায়িত করায় ও রাশিয়ার দিকে ক্রমাগত ঝুঁকে যাওয়ায় ইউরোপে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তারই প্রেক্ষিতে অ্যাঙ্গেলা মারকেল ও ফ্রাঁসোয়া ওঁলাদে প্রতিক্রিয়া দিয়েছেন।
তবে মারকেল বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি শক্তিশালী করতে ও সন্ত্রাসের বিরুদ্দে যুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর। মার্কেল বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে (ডনাল্ড ট্রাম্প) শপথ নেয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করবো। তারপর সব ক্ষেত্রে তার সঙ্গে স্বাভাবিক কাজকর্ম করবো।
তবে ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্পের হস্তক্ষেপকে স্থুলতা হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রাঁসোয়া ওঁলাদে। ন্যাটো নিয়ে ট্রাম্পের বক্তব্যে পূর্ব ইউরোপীয়ান ন্যাটোভুক্ত দেশগুলোতে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রাইমিয়া দখলে নেয়া ও ইউক্রেনে তার হস্তক্ষেপের বিষয়ে এমন আতঙ্ক আরও জোরালো হয়েছে।
ট্রাম্প বলেছেন, অনেক আগেই আমি বলেছি ন্যাটোতে সমস্যা আছে। তার মধ্যে এক নম্বর সমস্যা হলো: এটা অধুনালুপ্ত। কারণ, এটা গঠন করা হয়েছে অনেক, অনেক বছর আগে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ও শীতল যুদ্ধের সময়ের দিকে ইঙ্গিত করে এমন কথা বলেন। দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, অনেক দেশের যে পরিমাণ অর্থ দেয়ার কথা ছিল তারা তা দিচ্ছে না।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ে ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ন্যাটোর বিষয়ে দু’বার চিন্তা করবেন। এমনকি ন্যাটো ইস্যুতে একই অবস্থান ব্যক্ত করেছেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নেয়া জেমস মাত্তিসের কথায়। তিনিও গত সপ্তাহে তার নিয়োগ সংক্রান্ত মার্কিন কংগ্রেশনাল কমিটিতে ন্যাটোর বিষয়ে একই রকম অবস্থান ব্যক্ত করেন। এই যখন অবস্থা তখন বিস্ময় প্রকাশ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁ-ওয়াল্টার স্টেইনমায়ার।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। এ সময়ে ন্যাটো নিয়ে ট্রাম্পের বক্তব্যে বিস্মিত ইউরোপ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প সাক্ষাতকারে যা বলেছেন তা নিয়ে ব্রাসেলসে বিস্ময়বিহ্বলতা ও ক্ষোভ দেখা দিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-মার্ক আইরাউল্ট প্রতিক্রিয়া দিয়েছেন।
তিনি বলেছেন, (ট্রাম্পের) এমন সাক্ষাতকারের সবচেয়ে ভাল প্রতিক্রিয়া হতে পারেÑ ইউরোপীয়ানরা ঐক্যবদ্ধ হচ্ছেন। ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেও। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাহসী অ্যাঙ্গেলা মারকেলকে সমালোচনা করে ভুল করেছেন ট্রাম্প।
অন্যদিকে তিনি হস্ত প্রসারিত করেছেন রাশিয়ার দিকে। এই রাশিয়ার বিরুদ্ধে ক্ষমতার শেষে এসে নতুন করে অবরোধ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। শর্ত সাপেক্ষে সেই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র কমিয়ে আনার বিষয়ে রাশিয়া যদি চুক্তি করে তাহলে ওই অবরোধ শিথিল করা হবে। এই রাশিয়া ইস্যুতে ইউরোপে উদ্বেগ দেখা দিয়েছে ট্রাম্পের আরেকটি মন্তব্যে। তিনি মাঝে মাঝেই ভ্লাদিমির পুতিনের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন। তার প্রশংসা করেছেন। সেই পুতিনের চেয়ে অ্যাঙ্গেলা মারকেলের ওপর বেশি আস্থা রাখেন এমনটা মানতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। এতে ইউরোপে উদ্বেগ আরও বেশি।
এছাড়া বিএমডব্লিউয়েল মতো জার্মানি গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে তাদের গাড়ি উৎপাদন না করে মেক্সিকোতে করে তাহলে শাস্তিস্বরূপ শতকরা ৩৫ ভাগ শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর বৃটেনের সঙ্গে দ্রুত তিনি একটি বাণিজ্য চুক্তি করতে চান, যা হবে উভয় দেশের জন্য খুব ভাল।