শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪

উপজেলা পরিষদ নির্বাচন: জগন্নাথপুরে উত্তাপ, ওসমানীনগরে শঙ্কা

উপজেলা পরিষদ নির্বাচন: জগন্নাথপুরে উত্তাপ, ওসমানীনগরে শঙ্কা

ওয়েছ খছরু ও জয়নাল আবেদীন, সিলেট থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রায় একমাস ব্যাপী প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে শনিবার রাত ১২টায়। ভোটাররা এখন প্রার্থীদের নিয়ে হিসাব কষছেন।

সোমবার ভোট গ্রহণ। প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন। চারিদিকে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। এ উত্তাপ আরো বেশি ছড়াচ্ছে লন্ডনে বসবাসরত প্রবাসীদের মধ্যে। মুঠোফোন, ফেসবুকসহ ইন্টারনেট এর মধ্যে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন স্বজনদের নিকট থেকে। চাইছেন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা।

একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। ভোটার ৮৭ কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে পুুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮শ ৭জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্তিত করা হয়েছে। রোববার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের সকল সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৬জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ৮১৩ জন, বিজিবি-৬০ জন, র্যাব-৩২ জন, আনসার ও ভিডিপির ১ হাজার ৪৪ জন নিয়োজিত থাকবেন। এ ছাড়াও পুলিশ ও র্যাবের সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। ৯টি স্টাইকিং ফোর্স ৩১টি মোবাইল টিম নির্বাচনী এলাকায় নিয়োজিত থাকবে।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধ্বীতায় রয়েছেন ৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে যারা লড়ছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা ( আনারস) ও বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান (ধানের শীষ)।

শেষ মুহূর্তে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা ও বিএনপি প্রার্থী আতাউর রহমানের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনার আভাস দিয়েছেন ভোটাররা।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিজন কুমার দেব, স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন ও বিএনপি প্রার্থী হাজী সোহেল খান টুটুর মধ্যে ত্রিমুখী ভোটযুদ্ধ হতে পারে।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হাজেরা বারী ও বিএনপি প্রার্থী ফারজানা বেগমের মধ্যে দ্বিমুখী লড়াই জমে উঠতে পারে বলে মনে করছেন ভোটাররা।

ওসমানীনগরে শঙ্কা

ওসমানীনগর উপজেলার প্রথম ভোট আজ। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর গোটা উপজেলা। আছে শঙ্কা, উত্তাপও। ইতিমধ্যে প্রার্থী সমর্থকদের আচরণের কারণে কিছুটা বিতর্কিত হয়েছে নির্বাচন। কিন্তু প্রশাসন সক্রিয়। শনিবার রাত থেকে বিজিবি ও র্যাবের টহল বাড়ানো হয়েছে নির্বাচনী এলাকায়। চলছে গোয়েন্দা নজরদারিও। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে ব্যবস্থা গ্রহণ করে রেখেছে প্রশাসন।

প্রশাসন থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে- যারাই বিশৃঙ্খলা ঘটাতে চাইবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। ৮ ইউনিয়ন নিয়ে গঠিত ওসমানীনগর উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৮৫৭ জন ভোটার গোপন ব্যালেটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।

নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী (বহিষ্কৃত) প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া), বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শিব্বির আহমদ (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী গয়াছ মিয়া (ধানের শীষ) আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মুক্তা পারভিন (নৌকা), বিএনপি মনোনীত মুছলিমা চৌধুরী (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার (ফুটবল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসনা বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটযুদ্ধে হবে নির্বাচনকে ঘিরে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি ও জাতীয় পার্টিসহ চারজন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের হিসাব-নিকাশ অনুযায়ী লড়াই হবে ত্রিমুখী। আর এই ত্রিমুখী লড়াই হবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মইনুল হক চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীক নিয়ে নাগরিক কমিটির আখতারুজ্জামান চৌধুরী জগলুর সঙ্গে।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই ত্রিমুখী হলেও আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় সুবিধা অবস্থানে রয়েছেন বিএনপি। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ৫২টি ভোট কেন্দ্র রয়েছে।

নির্বাচনের দিন চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে। ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা যেন কোনো ঝামেলায় না পড়েন সে দিকে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। নিঃসন্দেহে ভোটাররা ভোট দিতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026