শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪

প্রকাশনা প্রতারণার মামলায় রাগীব আলী ও ছেলের এক বছরের সাজা

প্রকাশনা প্রতারণার মামলায় রাগীব আলী ও ছেলের এক বছরের সাজা

শীর্ষবিন্দু নিউজ: পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনাকে প্রতারণা বিবেচনা করে সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের সাজার রায় দিয়েছে আদালত।

তাদের দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

এ আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, দণ্ডবিধির ৪১৭ ধারায় প্রতারণার দায়ে এই সাজার রায় দিয়েছেন বিচারক।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি করে তারাপুর চা বাগান দখল এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গতবছর ১০ আগস্ট রাগীব আলী ও তার ছেলে পালিয়ে ভারতে চলে যান। এরপর ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার এই মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, তারাপুর চা বাগান সংক্রান্ত দুই মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায়ও তারা ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা সম্পাদনা করে আসছেন। ওই সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আবদুল হাই সম্পাদক ছিলেন।

এর মধ্যে স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও আবদুল হাইয়ের চারটি ধারায় মোট ১৪ বছর কারাদণ্ড হয়েছে। আর আত্মসাতের মামলার বিচার শেষে রায়ের পর্যায়ে এলেও উচ্চ আদালতের নির্দেশে তা ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026