শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার দক্ষিণ উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকায় গন্ধমতী গ্রামের জঙ্গি আস্তানায় শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় অপারেশন স্ট্রাইক আউট।
টানা চার দিন ধরে বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট ও র্যাবের চারটি টিম। এদিন সকাল থেকে অভিযান পরিচালনা করে কাউকে পাওয়া যায়নি তবে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য থাকতে পারে বলে নিশ্চিত করে পুলিশ।
এই আস্তানায় যে দুই জন জঙ্গি ছিল, তাদের মধ্যে আনিস বুধবার সকাল ১০টা বাজার আগেই চলে যায়। আর রনি পালিয়ে যায় বিকেল পৌনে ৪টায়, জঙ্গি আস্তানা হিসেবে বাড়িটি চিহ্নিত করার আগেই। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম।
ডিআইজি বলেন, জঙ্গিদের একটি কৌশল আছে। একজন বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় আরেকজনকে নির্দিষ্ট করে একটি সময় দিয়ে যায়। এর মধ্যে যদি সে ফিরে না আসে, তাহলে অন্যজন বাসা থেকে বেরিয়ে যাবে। তিনি বলেন, এ পন্থা ব্যবহার করে হয়তো দ্বিতীয়জন বেরিয়ে গেছে, যে কারণে আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউটে’ কাউকে পাওয়া যায়নি। তবে তারা দু’জনই যে এখানে ছিল, এ বিষয়টি নিশ্চিত।
ডিআইজি বলেন, গত ১৫ মার্চ মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়, তাদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনের সূত্র ধরে কোটবাড়ীর ওই আস্তানার সন্ধান পাওয়া যায়। গত ২৮ মার্চ রাতে চট্টগ্রাম থেকে এক জঙ্গিকে আটক করা হয়। সেও জানায়, কুমিল্লার গন্ধমতীর আস্তানায় আনাস ওরফে আনিস ও রনি নামের দুই জঙ্গি রয়েছে। সফিকুল ইসলাম বলেন, গত ১ মার্চ তারা ওই বাসা ভাড়া নেয়।
প্রথমে তারা সীতাকুণ্ড এলাকায় বাসা ভাড়া নিতে চেয়েছিল। জাতীয় পরিচয়পত্র না থাকায় পেরে ওঠেনি। তার পর সঙ্গের জেএমবি সদস্যদের পরামর্শে তারা এখানে চলে আসে। তিনি জানান, এ দুই জঙ্গি পাঁচ মাস আগে নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয়। তাদের ছবি পুলিশের কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে কোটবাড়ীর জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমাগুলো গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় সেখানে একাধিক বিকট শব্দ শোনা যায়।
গতকাল দ্বিতীয় দফা অভিযান ও বোমা নিষ্ক্রিয় করার পর সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ওই জঙ্গি আস্তানায় তল্লাশি করে ১০ কেজি ওজনের শক্তিশালী তিনটি বোমা, ছয়টি হ্যান্ডগ্রেনেড ও দুটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। ২২ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে এগুলো নিষ্ক্রিয় করেন।
দুপুরে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় আগুন ধরে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ওই এলাকায় জারি থাকা ১৪৪ ধারাও তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।