শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে ইসলামিক স্টেটের আস্তানায় পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করেছে বলে পেন্টাগন জানিয়েছে।
বি
বিসি বলছে, মাদার অব অল বম্বস’ নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটা ব্যবহার করা হয়নি। ৩০ ফুটের বেশি লম্বা এই বোমার ওজন ৯ হাজার ৭৯৭ কেজি।
বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশের আচিন জেলায় যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে বোমাটি ফেলা হয় বলে পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্যাম্প জানান।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন বলেন, ইসলামিক স্টেটের যোদ্ধাদের ব্যবহৃত গুহা ও বাঙ্কার লক্ষ্য করে এই বোমা নিক্ষেপ করা হয়।
গেল সপ্তায় এই প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত হওয়ার পর এই বোমা ফেলা হল।
সিরিয়ায় কয়েকদিন আগে মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা স্বীকার করে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা চালালো যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত হওয়ার ঘটনার জবাবেই এই বোমা হামলা চালানো হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, আইএস যোদ্ধারা নিরাপদে যাতায়াতের জন্য যেসব সুড়ঙ্গ ও গুহা ব্যবহার করতো সেগুলো লক্ষ্য করে আমরা এই হামলা চালিয়েছি। ওইগুলো ব্যবহার করে তারা সহজেই মার্কিন সেনা উপদেষ্টা ও আফগান বাহিনীর ওপর হামলা চালাতো।
বেসামরিক লোক যাতে হামলার শিকার না হয়, সে জন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
এদিকে, এই হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। তার দাবি, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।