শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪

হাকালুকি হাওরজুড়ে ভাসছে মরা হাঁস: মাছের গন্ধ ঠেকাতে হাওরজুড়ে চুন প্রয়োগ

হাকালুকি হাওরজুড়ে ভাসছে মরা হাঁস: মাছের গন্ধ ঠেকাতে হাওরজুড়ে চুন প্রয়োগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আকস্মিক বন্যায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের ধান নষ্ট হওয়ার পর মাছ মরে যাওয়ার ঘটনা ছিল সেখানকার মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা। কিন্তু স্থানীয় মানুষের দুর্দশা এখানেই শেষ হয়নি। এবার হাওরে মারা যাচ্ছে হাঁস।

এদিকে, হাকালুকি হাওরের বড়লেখা অংশের পানি দূষণমুক্ত ও মাছ মড়করোধ করতে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রায় ৪ হাজার কেজি চুন পানিতে ছিটিয়ে দেয়া হয়েছে।

গত দুইদিনে হাকালুকি হাওরে আইড়, বোয়াল, রুই, কাতলা, কাল বাউস, সরপুঁটি, পাবদা, ঘুলশা, টেংরা, পুঁটি, বাইমসহ নানা জাতের প্রায় ১৫-২০ টন মাছ মারা গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এভাবে হাওরে মাছ মরতে থাকলে মাছের আকাল দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা বলছেন, ওই এলাকায় দূষিত মরা মাছ খেয়ে পোষা হাঁসগুলো মারা যাচ্ছে। এতে গরিব কৃষকসহ খামারিদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের পাশের অনেক মানুষের জীবিকা হাওরে হাঁস পালনের ওপর নির্ভরশীল। হাওরে বিচরণ করা এমন শত শত হাঁস এখন মারা যাচ্ছে।

বড়লেখা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসে অকাল বন্যায় বড়লেখা উপজেলার হাকালুকি অংশে প্রায় ১৮০০ হেক্টর বোর ধান তলিয়ে যায়। উপজেলার হাকালুকি অংশে প্রায় ২২৭৫ হেক্টর বোরো ধান আবাদ করা হয়। আবাদের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছিল ২২৭৫ হেক্টর। কিন্তু হঠাৎ করে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পেয়ে হাকালুকি হাওর অংশের ১৮০০ হেক্টর ধান পানির ২/৩ ফুট নিচে তলিয়ে যায়। এতে হাকালুকি হাওর অংশের ৩টি ইউনিয়ন বর্ণি, সুজানগর ও তালিমপুর ইউনিয়নের ৪১২০ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন পানির নিচে থাকা এইসব ধান গাছ পচে বাতাসে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন জানান, হাঁসের মড়ক প্রতিরোধে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। হাওরে চিকিৎসক টিম হাঁসের মধ্যে ভ্যাকসিনসহ ওষুধ প্রদানের কাজ শুরু করেছে। পাশাপাশি হাওরের পানিতে হাঁস না ছাড়ার জন্য খামারিসহ কৃষকদের সচেতনতামূলক পরামর্শ দেয়ার কাজ চলছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন হাওরে চুন ছিটানোর সত্যতা নিশ্চিত করে বলেন, পানি দূষণমুক্ত ও মাছ মরা রোধ করতে প্রায় ৪ হাজার কেজি চুন পানিতে ছিটিয়ে দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে হাওরের বিভিন্ন বিলে আরো চুন ছিটিয়ে দেয়া হবে। জনসাধারণকে আগামী চার-পাঁচদিন সকল প্রকার মাছ ধরা বন্ধ এবং না খাওয়ার জন্য মাইকিং করে জানানো হয়েছে।

এছাড়া বড়লেখা উপজেলার হাকালুকি হাওর অংশের ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের তালিকা করা হচ্ছে। অতি দ্রুত তাদের সহায়তা দেয়া হবে। এছাড়া খাদ্য ও অর্থ সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় ২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আগামী সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ডুবে যাওয়া ধানে ব্যবহৃত কীটনাশক ও সার পানিতে মিশে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। আধাপাকা ধান ও ধান গাছ পচে পানির গুণাগুণ নষ্ট করছে। পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। ফলে হাওরাঞ্চলের সর্বত্র মাছ মরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ হাওরের খাবার খেয়ে মারা যাচ্ছে হাঁসও।

সিলেটের কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মামুনুর রশিদ বলেন, বন্যার পানিতে আধাপাকা ধান পচে পানি বিষাক্ত হয়ে পড়েছে। এ হাওরের খাবার খেয়ে হাঁস মারা যাচ্ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রধান ড. নাসরিন সুলতানাও হাঁস ও মাছের মৃত্যুর জন্য বিষক্রিয়াকেই দায়ী করেছেন। তার মতে ধান পচে এটা হয়েছে।

তিনি বলেন, মরা মাছ বা হাঁস খেলে মানুষের বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষতি হতে পারে।

ফেঞ্চুগঞ্জের মাইজবাগ এলাকার কামালউদ্দিন গত ১০ বছর ধরে হাঁস পালন করেন। তিনি জানান, এমনটা আগে কখনই ঘটতে দেখিনি। পানিতে সবখানে মরা হাঁস ভাসছে। তার ১৫০টি হাঁসের সবগুলোই মরে গেছে। এদিকে হাকালুকিতে মাছের মড়ক বন্ধে মৎস্য অফিসের উদ্যোগে চুন ও ওষুধ ছিটানোর কাজ অব্যাহত রাখা হয়েছে।

হাওরবাসী জানায়, গত শনিবার রাতে কালবৈশাখীর পর বাতাসের সঙ্গে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাকালুকি হাওরে চৈত্র মাসের অকাল বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ধান পচে পানি দূষিত হয়ে তিন-চারদিন থেকে ব্যাপকহারে মাছের মড়কের পাশাপাশি হাঁসের মড়ক দেখা দেয়ায় ধান, মাছ ও হাঁস মরার পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে হাওরের বাতাসে। এর আগে রবি ও সোমবার ও এলাকার হাওরে বোয়াল, পাবদা, টেংরা, বাইনসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ মরে পানিতে ভেসে ওঠে।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, অকাল বন্যায় তলিয়ে যাওয়া এইসব আধাপাকা ধান ও ধানগাছ পচে পানির গুণাগুণ নষ্ট করেছে। এছাড়া ধানগাছ এবং ঘাস নিধনে বিষের দীর্ঘমেয়াদী প্রভাবে হঠাৎ পানির পিএইচ (পটেনশিয়াল অব হাইড্রোজেন) কমে গিয়ে স্বাভাবিক ৭ মাত্রা থেকে পিএইচ ৫.৮ মাত্রায় নামায় অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি এবং দ্রবীভূত অক্সিজেন হ্রাস (৫ পিপিএম) হওয়ায় ধান ও মাছ পচে হাওরের পানি দূষিত হয়ে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026