শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে যুদ্ধ (ওয়ার এগেইনস্ট ইসলামিজম) ঘোষণা করেছেন কট্টর ডানপন্থি ম্যারিন ল্য পেন ও রক্ষণশীল ফ্রাঁসোয়া ফিলন। এ বিষয়ে তারা অবস্থান স্পষ্ট করেছেন। বলেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। এর কোনো বিকল্প নেই।
আগামীকাল রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে অন্য প্রার্থীদের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে জনমত জরিপে এগিয়ে আছেন ইমানুয়েল ম্যাক্রোন ও ল্য পেন। আগামীকাল ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হবে। তার আগে বৃহস্পতিবার দেশের স্যঁজ এলিজি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অন্য দুজন। হামলাকারী সন্দেহভাজন আইসিস সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে।
এই হামলা প্রেসিডেন্ট নির্বাচনের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে অভিমত দিচ্ছেন বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ফ্রন্ট রানার হলেন ইমানুয়েল ম্যাক্রোন ও ম্যারিন ল্য পেন। শতকরা ২৪ ভাগ মানুষ সমর্থন করেছেন ম্যাক্রোনকে।
আর ল্য পেনের সমর্থন রয়েছে ২২.৫ ভাগ। রক্ষণশীল ফ্রাঁসোয়া ফিলনকে সমর্থন করছেন ১৯.৫ ভাগ মানুষ। জ্যাঁ লুক মেলেনচোনকে সমর্থন দিয়েছেন শতকরা ১৮.৫ ভাগ মানুষ। বেনোট হ্যামনকে সমর্থন করছেন শতকরা ৭ ভাগ। ইন্ডিপেন্ডেন্টের এ জনমত জরিপে সবার শীর্ষে ইমানুয়েল ম্যাক্রোন থাকলেও দৃশ্যপট পাল্টে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা জমতে পারে ল্য পেন ও ফিলনের মধ্যে। ভোটাররা বিভক্ত হয়ে পড়তে পারেন।
এ জন্য এ হামলাকে রাজনৈতিক ফায়দা হাসিলের উপায় হিসেবে ব্যবহার করছেন বলে প্রার্থীদের সমালোচনা করেছেন ফরাসি প্রধানমন্ত্রী বার্নার্ড কাজেনুভে। তিনি বলেছেন, প্রকৃত সত্য উদঘাটন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ম্যারিন ল্য পেনের সমালোচনা করে তিনি বলেছেন, ল্য পেন ফ্রান্সকে বিভক্ত করছেন। অন্যদিকে ফ্রান্সের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে দেশের ‘তথাকথিত’ নেতাদের সমালোচনা করেছেন ফ্রন্ট ন্যাশনাল দলের নেত্রী ল্য পেন।
তিনি বলেছেন, ‘ইসলামীকরণ হলো এক দানবীয় কর্তৃত্ববাদী আদর্শ। তারা আমাদের জাতি, সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। (বৃহস্পতিবারের হামলায়) নিহতরা সন্ত্রাসী হামলায় নিহত শহীদদের দীর্ঘ তালিকায় যুক্ত হলেন’। তাই তিনি সীমান্তে নিরাপত্তা কড়াকড়ির নিয়ম পুনর্বহালের আহ্বান জানান।
ফ্রান্সে সন্ত্রাসী তালিকায় আছে এমন সব সন্দেহভাজনকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। বিদেশী সন্দেহভাজনদের দেশ থেকে বের করে দেয়ার দাবি তুলেছেন। পাশাপাশি সন্দেহভাজন যেসব ব্যক্তির দ্বৈত্য নাগরিকত্ব আছে তাদের ফরাসি নাগরিকত্ব বাতিল করার দাবি তুলেছেন ল্য পেন।
ওদিকে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, গত ফেব্রুয়ারিতে সন্ত্রাস বিরোধী অনুসন্ধানের অধীনে বৃহস্পতিবারের হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরের দিনই তাকে ছেড়ে দেয়া হয়েছিল। এ খবর পেয়ে ল্য পেন প্রতিক্রিয়ায় বলেন, এটা হলো রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক। ল্য পেন একই সঙ্গে ফ্রান্সে ইসলামের বিস্তার রোধের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে সালাফি সংগঠনগুলোকে নিষিদ্ধ করা। বিদ্বেষ ছড়ানো ধর্মীয় নেতাদের বহিষ্কার করা। মসজিদগুলোতে বিদেশী অর্থায়ন বন্ধ করা।
তিনি বলেছেন, ‘এই যুুদ্ধ শুরু হয়েছে কারো প্রতি কোনো অনুকম্পা, কোনো বিরতি ছাড়া। এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে হবে সারাদেশে। দেশবাসীর সুপ্রাচীন আদর্শ নিয়ে বর্বর রক্তপিপসার বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানাই আমি’। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ১০ প্রার্থীর বিরোধিতা করে এ বক্তব্য রাখেন। তিনি অভিবাসন, নিরাপত্তা ও ইসলামী কট্টরপন্থার নীতিকে ব্যবহার করে ভোটারদের কাছ থেকে সুবিধা পেতে পারেন।
তবে এতে দ্বিধান্বিত ভোটাররা অভিজ্ঞ হিসেবে বেছে নিতে পারেন ফিলনকেও। তিনিও প্রচারণায় নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। পুলিশ সদস্য ১০ হাজার বাড়ানোর প্রত্যয় ঘোষণা করেছেন। জেলখানা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসি যেসব জিহাদি বিদেশে গিয়েছে যুদ্ধ করতে তাদেরকে ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করার অঙ্গীকার করেছেন।
ল্য পেনের মতো তিনিও ফ্রান্সে আগামী প্রেসিডেন্টের জন্য ইসলামিস্ট টোটালিটারিয়ানিজমকে অগ্রাধিকার দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘উগ্র ইসলামপন্থা আমাদের মূল্যবোধ ও আমাদের আদর্শগত শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ। আমরা এখন যুুদ্ধে রয়েছি। এর কোনো বিকল্প নেই।