শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফুরফুরে মেজাজে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। মঙ্গলবার তিনি সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছেন। আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন।
অ
ন্যদিকে দেশজুড়ে চলছে গণগ্রেপ্তার। নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনপন্থি এমন সন্দেহ হলেই তাকে আটক করা হচ্ছে। আটকের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। তার এ কর্মকান্ডে ইউরোপে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
কিন্তু তিনি কিছুই পরোয়া করছেন না। এ মাসে অনুষ্ঠিত হয়েছে গণভোট। তাতে তুরস্কের জনসাধারণ সংবিধান সংশোধনের অনুমতি দিয়ে তার হাতে তুলে দিয়েছে অসীম ক্ষমতা। দৃশ্যত তিনি সেই ক্ষমতা পরীক্ষামুলকভাবে প্রয়োগ করছেন বিরোধীদের ওপর। গত বছর সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তার সরকার যে দমন পীড়ন চালায় তাতে তুরস্ক খুশি, গণভোটের বিজয়কে তিনি এভাবেই দেখছেন।
ওই দমন পীড়নে তিনি বিরোধী, সুশীল সমাজ ও মুক্ত মিডিয়ার কণ্ঠ চেপে ধরেন। নতুন করে বাড়তি ক্ষমতা পেয়ে তিনি এখন নিজেকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। আর তাই সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালিয়েছেন।
এর মধ্য দিয়ে তিনি ওই দেশ দুটিতে আইসিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে জোট তার সঙ্গে সংঘাতে লিপ্ত হলেন। সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। ইরাকে কুর্দিশ পেশমার্গা। এরা কুর্দিপন্থি।
তারা দাবি করেছে, মঙ্গলবারের তুর্কি বিমান হামলায় কমপক্ষে তাদের ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সে-এর কুর্দি অংশ দ্য পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-কে তুরস্ক সরকার দেখছে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে। তারা মনে করছে এ গ্রুপকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তুরস্কের বিমানবাহিনী বলেছে, তারা আসলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের টার্গেট করেছিল। এ সংগঠনটিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে থাকে। তুরস্কের চালানো হামলায় নিহত হয়েছে ৭০ জন এমনটা বলা হয়েছে।
তুরস্কের সেনা সূত্র থেকে ওই হামলাকে সন্ত্রাসবিরোধী অভিযান বলে আখ্যায়িত করা হয়েছে। উল্লেখ্য, পিকেকে’র ঘাঁটি হলো ইরাকের উত্তরে সিনজার অঞ্চলে। সেখানে হামলা করা হয় নি। এ জন্য এরদোগানকে অনুতপ্ত বা দুঃখ প্রকাশ করতে দেখা যায় নি। বরং তিনি উত্তর সিরয়ায় শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।