প্রযুক্তি আকাশ ডেস্ক: বিশ্বের প্রায় দেড়শটি দেশে সাইবার হামলার তালিকায় এবার স্থান পেয়েছে বাংলাদেশও। দেশের প্রায় ৩০টি কম্পিউটার র্যানসমওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে এধরনের সাইবার হামলা নজিরবিহীন। এদিকে দেশে দেশে ওই হামলার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশেও।
শু
ক্রবার বিশ্বজুড়ে হামলার সময় বাংলাদেশের অফিস-আদালত বন্ধ থাকায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে হামলার আশঙ্কা এখনও রয়ে গেছে। যেকোনো সময় বাংলাদেশেও বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে তাদের ধারণা।
তবে হামলা হলে তা থেকে রক্ষা পেতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার আশঙ্কা রয়েছে যেকোনো সময়ই। তবে আমাদের কারিগরি টিম এ নিয়ে পূর্ণ প্রস্তুত রয়েছে। বিটিআরসি জানিয়েছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইবার হামলায় আক্রান্ত হওয়ার খবর দেননি।
এদিকে সাইবার হামলা নিয়ে বাংলাদেশে উদ্বেগ বেড়ে যাওয়ায় কয়েকটি নির্দেশনা জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। হামলা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আইসটি বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করাসহ ডেটাগুলোর ব্যাকআপ নিতে।
এছাড়া নিরাপদে অন্য কোথাও রেখে দিতে বলা হয়। উইন্ডোজ চালিত কম্পিউটারে গঝ১৭-০১০ প্যাচ (ঢ়ধঃপয) দিয়ে হালনাগাদ করতে বলা হয়েছে। অজ্ঞাত উৎস থেকে র্যানসমওয়্যার টুল ডাউনলোড করা যাবে না এতে নতুন করে সাইবার হামলা হতে পারে। নির্দেশনায় আরও বলা হয়, অযাচিত বা সন্দেহজনক ঠিকানা হতে আগত ই-মেলের সোর্স যাচাই না করা পর্যন্ত সেগুলোর ভেতরে থাকা লিংকগুলোতে ক্লিক করা উচিত নয়।
সর্বদা সিস্টেমে একটি সক্রিয় হালনাগাদ অ্যান্টি-সিকিউরিটিতে সুইচ চালু রাখতে হবে। প্রযুক্তি বিশ্লষকরা জানিয়েছেন, মূলত ই-মেল থেকে এ ম্যালওয়্যারটি বেশি ছড়াচ্ছে। ফেসবুকে আনঅথরাইজড অ্যাটাচমেন্ট থেকেও সামাজিক মাধ্যম হয়ে এটি বাংলাদেশের পিসিগুলোকে আক্রমণ করেছে। বিশেষ করে পর্নো সাইট থেকে এটি ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে।
তারা জানান, র্যানসমওয়্যারে আক্রান্ত হলে কিছু সফটওয়্যার ফাইল পিসির স্ক্রিনে অটোমেটিক দৌড়াদৌড়ি করবে। এ সময় যত দ্রুত সম্ভব পিসিকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এছাড়া বায়োস টাইম পরিবর্তন করা হলেও নিস্তার পাওয়া যাবে। এদিকে গতকাল পর্যন্ত বাংলাদেশের ডেটা সেন্টারসহ সরকারি অফিসের ওয়েবসাইটগুলো নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গতকাল মানবজমিনকে বলেন, বাংলাদেশে সাইবার হামলার বিষয়টি আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনছি। কিন্তু কেউই সঠিক তথ্য দিতে পারেননি।
কোনো অফিসের বা কোনো ব্যক্তির কোনো কম্পিউটার আক্রান্ত হয়েছে তা আমরা এখনও জানতে পারিনি। যদি এধরনের অভিযোগ নিয়ে কেউ আসে তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে বসে কোন দিক দিয়ে, কীভাবে আক্রান্ত হয়েছে তা বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে পারবো।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওই হামলা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আমাদের দেশেও এর সম্ভাবনা রয়েছে। যদি এধরনের হামলা হয়ই, তাহলে যে রাস্তা দিয়ে হামলা হয়েছে, সে রাস্তায় আমরা ব্যারিকেড দেয়ার চেষ্টা করবো।
পাশাপাশি এধরনের হামলা হলে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারবো। শুক্রবার থেকে ছড়িয়ে পড়া শুরু করে এ র্যানসমওয়্যার। আক্রান্ত কম্পিউটারগুলোর ফাইলপত্র ফিরে পেতে দাবি করা হয় ৩০০ ডলার মুক্তিপণ।
কম্পিউটার জায়ান্ট মাইক্রোসফট বলেছে, এ সাইবার হামলা সচেতন হওয়ার বার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত।
র্যানসমওয়্যারে আক্রান্তদের হুঁশিয়ারি দেয়া হয়, তিন দিনের মধ্যে মুক্তিপণ না দিলে দিতে হবে দ্বিগুণ অর্থ। এছাড়াও ৭ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে ফাইলপত্র মুছে ফেলার হুঁশিয়ারি দেয়া হয়।
বিশ্বব্যাপী আক্রান্ত হওয়ার বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জার্মানির রেল নেটওয়ার্ক ডয়েচে বান, স্প্যানিশ টেলিকমিউনিকেশন্স অপারেটর টেলিফোনিকা, মার্কিন লজিস্টিকস জায়ান্ট ফেডএক্স এবং রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।