আল-আমিন: মিথ্যা তথ্য দিয়ে কারনেট এবং প্রিভিলেজ সুবিধার আওতায় আমদানি করা ৬৬টি বিলাসবহুল গাড়ি দেয়া হচ্ছে আমলাদের। এ গাড়িগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভিন্ন সময়ে জব্দ করে। অবশ্য গাড়িগুলো নিলামে বিক্রয় করার উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। ৪০ শতাংশ ছাড়ে গাড়িগুলো বিক্রয় করার উদ্যোগ নিলেও ক্রেতা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উচ্
চ পর্যায়ের সিগনাল পেলেই কর্তৃপক্ষ খুব শিগগিরই গাড়িগুলো হস্তান্তর করবে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান মানবজমিনকে জানান, ৬৬টি গাড়ি বিক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু গাড়িগুলোর কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। অনেকেই ভয়ে গাড়িগুলো কিনতে চাচ্ছেন না। আমরা তাদের বারবার আশস্ত করার পরও গাড়িগুলো ক্রয়ের সাহস পাচ্ছেন না।
তিনি জানান, দুই একজন ক্রয় করার জন্য বললেও পানির দামের মতো দাম বলেছেন, যা শুনলে সবাই উষ্মা প্রকাশ করবেন। অনেক মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছিল যে, সচিব পর্যায়ের অনেক উচ্চ আমলাদের গাড়ির সংকট রয়েছে। তাই আমরা বিলাসবহুল গাড়িগুলো আমলাদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিগনাল পাওয়ার পরই গাড়িগুলো হস্তান্তর করা হবে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০টি বিলাস বহুল গাড়ি জব্দ করে কর্তৃপক্ষ। তার মধ্যে ১৪টি গাড়ি নষ্ট হওয়ার অবস্থায় রয়েছে। বাকি ৬৬টি গাড়ি আমলাদের হস্তান্তরের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
গত ৫ বছরে কারনেট সুবিধা নিয়ে ব্রান্ড নিউ টয়োটা, ল্যান্ড ক্রুজার, বুলেট প্রুফ, মিতসুবিসি, জাগুয়ার এস টাইপ ও নিশান ৩০০ নামের প্রায় ৪০০টি বিলাস বহুল গাড়ি আমদানি করেছেন ব্যবসায়ী, কূটনীতিক, চলতি এবং সাবেক অনেক সংসদ সদস্য। এক একটি গাড়ির দাম ১ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা। বেশিরভাগ গাড়ি আনা হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় ৮০ শতাংশ গাড়ি হাতবদল হয়ে গেছে।
সূত্র জানায়, যারা বিক্রয় করেছেন তারা কমপেক্ষ ৫০ থেকে শুরু করে ১ কোটি টাকা লাভবান হয়েছেন। এতে সরকার বঞ্চিত হয়েছে লাখ লাখ টাকার শুল্ক কর থেকে। অনেকেই নিজের গ্যারেজে গাড়িগুলো রাখলেও অন্যকে কৌশলে ব্যবহার করতে দিচ্ছেন।
পরবর্তীতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কারনেট তালিকায় নিয়ে আসা গাড়ির চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বরের সঙ্গে মিল খুঁজতে গেলে তা পাওয়া যায় না। পরে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে, গাড়িটি শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।
সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে গাড়িগুলোর ব্যাপারে সময় অভিযানে নামে কর্তৃপক্ষ। এতে শুল্ক ফাঁকি দেয়া গাড়িগুলোর মালিকদের কেউ কেউ আইনগত জটিলতার ভয়ে রাস্তায় গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে হাতিরঝিল এবং মহাখালী থেকে ফেলে যাওয়া এমন ২টি গাড়ি উদ্ধার করা হয়েছিল।