রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭

জেরেমি করবিনে প্রশংসায় মুগ্ধ বার্নি স্যান্ডার্স

জেরেমি করবিনে প্রশংসায় মুগ্ধ বার্নি স্যান্ডার্স

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃটেনের লেবার দলের নেতা জেরেমি করবিনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক আলোচিত প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স।

তিন দিনের জন্য বৃটেন সফরে এসে বৃহস্পতিবার এক বক্তৃতায় তিনি করবিন সম্পর্কে তার ইতিবাচক মনোভাবের কথা জানান। যুক্তরাষ্ট্রে ও বৃটেন উভয় দেশে

এসটাবলিশমেন্ট এর বিরুদ্ধে জনমনে ক্ষোভ থাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, লেবার পার্টিকে নতুন ধাঁচে গড়ে তুলতে করবিনের প্রচেষ্টা প্রশংসনীয়। এ খবর দিয়েছে গার্ডিয়ান।

উল্লেখ্য, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন চেয়েছিলেন বার্নি স্যান্ডার্স। রাজনৈতিকভাবে ‘বহিরাগত’ (আউটসাইডার) স্যান্ডার্স নির্বাচনের সময় প্রগতিশীল বিভিন্ন ইস্যুতে কথা বলে তাক লাগিয়ে দিয়েছিলেন।

এমনকি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ পর্যন্ত হিলারিই পান মনোনয়ন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তিনিই।

অপরদিকে বৃটেনে জেরেমি করবিনের উত্থাণও অনেকটা একই রকম। দীর্ঘসময় লেবার দলের এমপি নির্বাচিত হলেও, দলের মধ্যে তিনি ছিলেন ব্রাত্য ও কোনঠাসা। বামঘেঁষা এই নেতা গতবার লেবার দলের নেতা নির্বাচিত হন। কিন্তু দলের বেশিরভাগ এমপি ছিলেন তার বিরুদ্ধে। পরে আবার লেবার দলে নেতা হিসেবে পুনঃনির্বাচিত হন তিনি।

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এক মাস আগে আগাম জাতীয় নির্বাচন ঘোষণা করেন। তখন লেবার দল জনমত জরিপে শাসক দল কনজারভেটিভদের চেয়ে ২৮ পয়েন্টে পিছিয়ে ছিল। কিন্তু এই একমাসেই ঘুরে দাড়িয়েছেন করবিন। এখন লেবার ও কনজারভেটিভদের মধ্যে পার্থক্য খুব সামান্য। এছাড়া লেবার দলের নির্বাচনী ইশতিহারও পছন্দ করেছেন বেশিরভাগ ভোটার।

বার্নি স্যান্ডার্সের নির্বাচনী শিবির ও করবিন শিবিরের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল। এমনকি স্যান্ডার্সের অনেক নির্বাচনী প্রচারক ও কর্মী যুক্তরাষ্ট্র থেকে বৃটেনে এসেছেন করবিনকে সহায়তা দিতে। আবার করবিনের অনেক কৌশল নির্বাচনের সময় কাজে লাগিয়েছিলেন স্যান্ডার্স। এবার বৃটেন সফরে স্যান্ডার্স করবিনকে সমর্থন দেবেন, এটি অনুমিতই ছিল। এমনকি করবিনও বলেছিলেন, স্যান্ডার্সের সমর্থন পাবেন বলে তার প্রত্যাশা।

অবশেষে বৃটেনে এসে স্যান্ডার্স জানালেন তার মুগ্ধতার কথা। তার ভাষ্য, ‘যেটা আমাকে মুগ্ধ করেছে তা হলো তিনি (করবিন) লেবার দলের ক্ষমতাব্যবস্থার বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। তিনি তৃণমূলে ফিরে গেছেন। দলকে পুনর্গঠিত করার চেষ্টা করেছেন।

তার ও আমার কর্মের মধ্যে সত্যিকার অর্থেই সাদৃশ্য রয়েছে। কারণ, তিনি যা করেছেন, ঠিক সেটাই আমি করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্রে। স্যন্ডার্স আরও বলেন, শ্রেণী বৈষম্য নিয়ে করবিনের কথা বলার ইচ্ছাতেও আমি মুগ্ধ।

তবে স্যান্ডার্স সতর্ক করে বলেছেন, তার এই মন্তব্যকে করবিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন হিসেবে দেখা উচিৎ হবে না। কারণ, এই সময়ে বিদেশী একজন রাজনীতিক বৃটেনে এসে এমন করাটা যথাযথ নয়।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না আমার পরামর্শ দরকার জেরেমি করবিনের। আমি মনে করি তিনি খুবই ভালো করছেন। একইভাবে কাকে ভোট দেওয়া উচিৎ তা নিয়ে যুক্তরাজ্যের মানুষেরও আমার পরামর্শ দরকার নেই। আমি মনে করি তারা বোঝেন। তবে আমি শুধু এটুকু বলবো, করবিন যেই ক্যাম্পেইন চালাচ্ছেন তাতে আমি খুবই মুগ্ধ। আমি তার সাফল্য কামনা করি।’

বৃটেনের ব্রাইটনে স্যান্ডার্সের বক্তব্যস্থল ছিল কানায় কানায় পূর্ণ। তিনি প্রবেশের সঙ্গে সঙ্গে বিপুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। নিজের বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণ কথা বলেন স্যান্ডার্স। বিশেষ করে, বিশ্বব্যাপী সামাজিক বৈষম্য ও আয় অসমতা ছিল তার বক্তব্যের মূল বিষয়। কড়া সমালোচনা করেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্তেরও।

বার্নি স্যান্ডার্সের বড় ভাই ল্যারি স্যান্ডার্স আবার বৃটিশ নাগরিক। তিনি বৃটেনের প্রগতিশীল গ্রিন পার্টির রাজনীতিক। এমনকি আসছে নির্বাচনে তিনি একটি আসন থেকে লড়ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026