শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মঙ্গলগ্রহে আটকে পড়েছেন এক ব্যক্তি। এমন টুইটে সরব হয়ে উঠলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি পাল্টা টুইটে বললেন, ভিন্ন কোনো গ্রহে আটকে পড়লেও ভারতীয় নাগরিকদের উদ্ধারে সহায়তা করবে ভারতীয় দূতাবাস। বিষয়টি ফান বা কৌতুকের মতো শোনালেও তা নয়। বাস্তবে এমন টুইট করা হয়েছিল সুষমাকে উদ্দেশ্য করে এবং তার জবাবও দিয়েছেন তিনি।
এক্ষেত্রে টুইটকারী ব্যক্তি মজা করলেও সুষমা জবাব দিয়েছেন মানবিকতার সঙ্গে, কূটনৈতিক প্রজ্ঞার সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুষমা স্বরাজ খুবই জনপ্রিয় নাম। তিনি দ্রুততার সঙ্গে জবাবও দেন। শুধু টুইটারে তাকে অনুসরণ করেন ৮০ লাখের বেশি ভক্ত।
বিস্ময়করভাবে তিনি এত বিপুল সংখ্যক ভক্তকে ম্যানেজ করে চলেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কূটনৈতিক সহায়তা দেন। মানবিক সহায়তা দেন। ভিসার আয়োজন করেন। কিন্তু বৃহস্পতিবারে ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি টুইট করলেন তিনি মঙ্গলগ্রহে আটকা পড়েছেন। অমনি সুষমা ওই টুইটের জবাব দেন।