শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ: নির্বাচনে চরম হোঁচট খাওয়ার পর বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে দ্রুততার সঙ্গে ব্রেক্সিট আলোচনা শুরু করার তাগিদ দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।
তিনি জানান দিয়েছেন, আগামী ১৯ শে জুন ব্রেক্সিট আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেই আলোচনার জন্য ইউরোপিয় ইউনিয়নের পক্ষ থেকে তারা প্রস্তুত আছেন। তাই দ্রুততার সঙ্গে এই সমঝোতা সংলাপ শুরু করতে চান তিনি।
অ্যাঙ্গেলা মারকেল বলেন, তিনি মনে করে ব্রেক্সিটের পরেও ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে থাকবে বৃটেন এবং বৃটেন তাদের একজন ভাল অংশীদার হয়ে থাকবে। মেক্সিকোতে এক বক্তব্যে অ্যাঙ্গেলা মারকেল এসব কথা বলেন বলে খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।
এতে বলা হয় সেখানে তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। অ্যাঙ্গেলা মারকেল এতে বলেন, (ব্রেক্সিটের জন্য) সমঝোতা করতে আমরা প্রস্তুত আছি। শিডিউলের প্রতি সম্মান দেখিয়ে আমরা তা দ্রুততার সঙ্গে করতে চাই। আমরা বৃটেনের নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম।
কিন্তু আগামী এক সপ্তাহের সামান্য বেশি সময়ের মধ্যে এই সংলাপ শুরু হবে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা বাকি ২৭ সদস্য রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবো। অন্যদিকে বৃটেন তার নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করবে। একই সঙ্গে আমরা বলতে চাই যে, বৃটেন আগের মতোই আমাদের একজন ভাল অংশীদার হিসেবে থেকে যাবে। তারা ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে না থাকলেও ইউরোপের অংশ হয়ে থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবারে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর ভঙ্গুর সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তেরেসা মে। ওই নির্বাচনে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার পদত্যাগ দাবি করা হয়েছে। নিজ দলের ভিতরে তোপের মুখে রয়েছেন তিনি। অনেক কনজারভেটিভ নেতাকর্মী, সদস্য তার থেকে দূরত্ব বজায় রাখছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় যে সরকার গঠন করবেন তেরেসা মে তা হবে অত্যন্ত দুর্বল। ফলে আগামী ১৯ শে জুন ব্রেক্সিট নিয়ে যে সমঝোতা সংলাপ শুরুর শিডিউল রয়েছে তা পিছিয়ে বা বিলম্বিত হতে পারে। সম্ভবত এমনই রাজনৈতিক প্রেক্ষাপটে বৃটেনের প্রতি ওই আহ্বান জানিয়েছেন অ্যাঙ্গেলা মারকেল।