শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪

রুশনারার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা

রুশনারার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা

আক্তার আহমদ শাহেদ: বৃটেনের পার্লামেন্ট নির্বাচনে হ্যাটট্রিক করে ইতিহাসগড়া বাঙালি কন্যা রুশনারা আলীর গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা।

বৃটেনের বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন-বো আসন থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত রুশনারার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ভুরকী গ্রামে। তার রেকর্ড জয়ে নিজ গ্রামসহ উপজেলাজুড়ে এক আনন্দঘন অবস্থা বিরাজ করছে। বিতরণ করা হয়েছে মিষ্টি, মসজিদে পড়ানো হয়েছে দোয়া মাহফিল।

সরজমিন শুক্রবার বিকালে ভুরকী গ্রামে গেলে দেখা যায় সকলের মুখেই বিজয়ের হাসি। গ্রামেরই মেয়ে রুশনারার তৃতীয়বারের মতো বৃটেনের এমপি হওয়ায় তাদের খুশির সীমা নাই। পথচারী দুই মহিলার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলেই তৃপ্তির হাসি হাসেন তারা। জানালেন, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে!

স্থানীয় মসজিদের ইমাম হাফিজ আব্দুল গফুরের মুখেও অভিন্ন কথা। রুশনারার এমন বীরত্বগাঁথা বিজয়ে তিনি মহান আল্লাহর শুকরিয়া জানান। এ প্রতিবেদক যখন রুশনারার পৈতৃক বাড়িতে প্রবেশ করেন, তখন সেখানে রীতিমত উৎসবের আমেজ বিরাজ করছে। সংবাদকর্মী দেখে ছুটে আসেন তার চাচাতো ভাই ফয়ছল আহমদ।

আনন্দে বিভোর ফয়ছল জানান, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল, ততই আমাদের দুশ্চিন্তা বাড়ছিল। তবুও, জয়ের ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস ছিল। তার আপন মামা আবদুর রউফ রুশনারার এ বিজয়কে সকলের বিজয় হিসেবে অভিহিত করেন।

রুশনারা আলীর মামা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, আমাদের অতি আদরের ভাগনি রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। এ বিজয়ে তার দল, ভোটার, শুভাকাঙ্ক্ষীসহ সকল বাঙালিকে আমাদের (রুশনারার) পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৪ই মার্চ জন্ম নেয়া রুশনারা আলী সিলেটের বিশ্বনাথের ভুরকী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা। মাত্র ৭ বছর বয়সে স্থানীয় ভুরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী থাকাবস্থায় পিতামাতার সঙ্গে বৃটেনে পাড়ি জমান।

রুশনারা সেখানকার মালবেরি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি, অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন। কাজ করেন পার্লামেন্ট, ফরেন অফিস, হোম অফিস ও আইপিপিআরএ এর মত গুরুত্বপূর্ণ দপ্তরে। লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০০৬ সালের ৬ই মে বৃটেনের বেথনালগ্রিন-বো আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।

এরপর ২০১৫ সালের ৭ই মে একই আসন থেকে ২য় বারের মতো এবং ৮ই জুনের নির্বাচনে ৩য় বারের মতো এমপি নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন বাঙালি মেয়ে রুশনারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026