আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে একটু সচ্ছলতার জন্য বহু দূরের পরবাসে ঈদ কাটাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। দেশে সবাই যখন পরিবার নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন কেমন কাটছে প্রবাসীদের ঈদ?
মালয়েশিয়াতে রবিবার ঈদের নামাজে অংশ নেন লক্ষ লক্ষ বাংলাদেশী শ্রমিকরা। দেশটিতে সৌদি আরবের সময় সূচী মত ঈদ উদযাপন করা হয়ে থাকে।
প্রায় বেশিরভাগ শ্রমিক ঈদের আগের দিন শনিবার রাত ১০টা পর্যন্ত কাজ করেছেন। এরপর বাসায় ফিরে একটু বিশ্রামের পর ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার পালা।
রহমত আলী (৬২) নামে একজন শ্রমিক জানালেন, কাজ না করলে দেশে টাকা পাঠাইমু ক্যামনে? ঈদের আগেই দেশে টাকা পাঠাই দিছি। ঐ টাকা দিয়া তারা নতুন জামা কাপড় কিনব; একটু ভালো কিছু খাইব। পরিবার আর বাচ্চাগো মুখে হাসি দেখলেই আমাগো ঈদ পালন হয়ে যায়।
কিন্তু, পরিবারের মুখে হাসি দেখার সৌভাগ্যটুকুও হয়না দেশের বাইরে থাকায়। কুয়ালালামপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার রাতে বেশ কয়েকজন শ্রমিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করে।
বাংলার নতুন সেনা KL নামের সংগঠনটি একইসঙ্গে রাঙ্গামাটিতে পাহাড়ধসে দূর্গত মানুষের পাশেও দাঁড়িয়েছে। তারা ইতিমধ্যই কুমিল্লার বন্ধুমহলের সাথে যুক্ত হয়ে ত্রাণ সংগ্রহ অভিযান জোরেশোরে চালাচ্ছে। সংগঠনটির তরুণদের পাশে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন প্রবাসী শ্রমিকরা।
ঈদের দিন একটু ছুটির অবকাশে দেখা হয় দেশের পরিচিত মুখগুলোর সাথে। ঈদের কোলাকুলির মাঝে নিজ ভাষায় কথা বলার আনন্দ। একটু পয়সা খরচ করে হলেও দেশে ফোন করে পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এভাবেই কাটে প্রবাসী শ্রমিকদের ঈদ। যাদের শ্রমে ঘামে উপার্জিত বৈদেশিক মুদ্রায় শক্ত হচ্ছে আমাদের দেশের অর্থনীতির ভিত।