গত ২৫ জুন ২০১৭ তারিখ রোববার বার্মিংহাম-এ নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এর সরকারী বাসভবনে বিকেল ৩ঃ০০ ঘটিকা থেকে রাত্রি ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত পবিত্র ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এবং তাঁর সহধর্মিনী মিসেস আফসানা বুলবুল আগত প্রবাসী বাংলাদেশীদের সংগে পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা বিনিময় করেন। সহকারী হাই কমিশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের পরিবারবর্গসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্মিংহাম ও পার্শ্ববর্তী শহরে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীগন স্বত:স্ফুর্তভাবে স্বপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সহকারী হাই কমিশনার সকলকে পারস্পরিক সম্প্রীতির আহবান জানিয়ে আগত প্রবাসীদের পরিবার পরিজনের খোঁজ-খবর নেন। তিনি তাঁর আলাপচারিতার মাঝে বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে এতে প্রবাসীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য একযোগে কাজ করার আহবান জানান।
প্রবাসীরা সহকারী হাই কমিশনারের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনে উচ্ছাস প্রকাশ করেন। শুভেচ্ছা বিনিময়ের পরে আমন্ত্রিত অতিথিগণ ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।
– ইমেইল প্রেরিত সংবাদ