শীর্ষবিন্দু নিউজ: গ্রেনফল টাওয়ারে অগ্নিকান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি ও নিহতের পর কাউন্সিলের শীর্ষ কর্তাদের পদত্যাগের দাবী উঠেছিল। এরমধ্যে বিশেষভাবে পাবলিক রোষানলে পড়েছিলেন কেনসিংটন এবং চেলসি কাউন্সিলের লিডার কাউন্সিলর নিকোলাস পেজেট ব্রাউন।
অবশেষে দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন নিকোলাস। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগের মধ্যে ছিল, তিনি গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডের পর যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ ও পাশাপাশি বৃহস্পতিবার দিবাগত রাতে কাউন্সিল মিটিংয়ে পাবলিক এবং সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি দেন নি।
অবশ্য এর আগে কাউন্সিলের চীফ এক্সিকিউটিভও পদত্যাগ করেন। পদত্যাগ করেন কাউন্সিলের হাউসিং বিভাগের প্রধানও।
উল্লেখ্য, গ্রিনফল টাওয়ারের সৌন্দর্য বৃদ্ধির জন্যে অগ্নিকান্ডের ঝুঁকিপূর্ণ সস্তা ক্লাডিং ব্যবহারের অভিযোগ রয়েছে। গ্রিনফল টাওয়ারের অগ্নিকান্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তরা টাউন হলে প্রবেশ করে বিচার দাবী করেন। গ্রিনফল টাওয়ারে অগ্নিকান্ডের পর ক্লাডিংয়ের ফলে ইউকেতে প্রায় ১শ ৪৯টি বহুতল ভবন ফায়ার সেইফটি টেস্টে ফেইল করেছে।