শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইসরাইল সফরে যাচ্ছেন। তিনিই হতে যাচ্ছেন ইসরাইল সফরকারী প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।
ইসরাইলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তিতে নরেন্দ্র মোদি এ সফরে যাচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়, বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রনেতার মতো ইসরাইল-ফিলিস্তিনকে একই কাতারে রাখার ধার ধারছেন না মোদী।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দু’বছর আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর তেল আবিব এবং রামাল্লায় যৌথ সফরের মাধ্যমে যেটুকু ভারসাম্য রাখার দরকার ছিল, তা করা হয়ে গেছে।
মোদীর এবারের ইসরাইল সফরে আধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম আমদানির বিষয়টিকে যৌথ বিবৃতির মাধ্যমে গোপনীয়তার ঘেরাটোপ থেকে বের করে নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য।
ভারতীয় কূটনৈতিকদের বরাতে আরো জানা যাচ্ছে, গত ১৮ বছর ধরেই ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কাঠামো বহুলাংশে ইসরাইল নির্ভর। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় থেকে যার শুরু। সে সময় দ্রাস এবং বাতালিক সেক্টরে পাকিস্তানি সেনা ঢুকে পড়ার পরে তেল আবিবের কাছ থেকে প্রভূত সহায়তা নেয় ভারত। মুম্বাই হামলা এবং সংসদ আক্রান্ত হওয়ার পরে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে সাহায্য নিয়েছিল ভারত।
ভারতীয় প্রধানমন্ত্রীর এই ইসরাইল সফরে সাইবার প্রযুক্তি, প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, এই তিনটি ক্ষেত্রেই ভারত-ইসরাইল সহযোগিতার কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এছাড়া ভারতকে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, রকেট লাঞ্চার, ড্রোন এবং যোগাযোগের প্রযুক্তিও সরবরাহ করার কথা রয়েছে।