শীর্ষবিন্দু নিউজ: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সুশাসনে ঘাটতি রয়েছে। আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য এটিই এখন অগ্রাধিকার ও জরুরি। তবে আর্থিক খাত অত্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে দেশের আর্থিক খাতের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১১’ এর মোড়ক উন্মোচনকালে রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।
আতিউর রহমান বলেন, মাইক্রো পর্যায়ে আর্থিক খাতের স্থিতিশীলতা কোনো হুমকির মুখে নেই। অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির জন্য স্থিতিশীলতা আরো শক্তিশালী হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর চেয়ে স্বস্তিকর অবস্থায় রয়েছে আমাদের অর্থনীতি। তবে সব ব্যাংকের অবস্থা সমান সন্তোষজনক পর্যায়ে নেই। এজন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও উধর্বতনদের যথাযথ মনোভঙ্গির দরকার। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আর্থিক সঙ্গতি ও উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকবে।
গভর্নর বলেন, আমাদের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য এখন সর্বোচ্চ নজর দিতে হবে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলো দিকে। এসব ব্যাংকের সুশাসন এবং কঠোর অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও সেগুলোর বাস্তব প্রয়োগ সন্তোষজনক নয়। তিনি ব্যাংকের করপোরেট সুশাসন নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংগুলোর প্রধান নির্বাহীদের সরাসরি নজর রাখার পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর, কয়েকজন নির্বাহী পরিচালক ও তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।