বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪

চলমান সংকট নিয়ে দুই নেত্রীর সংলাপের রুল শুনানি ২৬শে সেপ্টেম্বর ধার্য

চলমান সংকট নিয়ে দুই নেত্রীর সংলাপের রুল শুনানি ২৬শে সেপ্টেম্বর ধার্য

শীর্ষবিন্দু নিউজ: দেশে চলমান সংকট নিয়ে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে সংলাপ বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামী ২৬ শে সেপ্টেম্বর। আজ বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করে দেয়। রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ নিজেই এই শুনানি করেন।

অবাধ ও স্বচ্ছভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংসদের ভিতরে-বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় এই রুলে।

এছাড়া রাজনৈতিক অধিকার ও কার্যক্রমের নামে বোমা- ককটেল নিক্ষেপ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ‘অবৈধ কার্যক্রম’ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও ওই রুলে জানতে চাওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী, বিএনপি চেয়ারপার্সন এবং স্বরাষ্ট্র সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ১৪ই মার্চ এই রিট আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। পরে মো. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন,এই রিটের রুল শুনানির জন্য কয়েকদিন আগে আবেদন করেছিলাম। আজ আবেদনটি তালিকায় ছিল। আদালত আগামী ২৬শে সেপ্টেম্বর শুনানির জন্য দিন নির্ধারণ করেছে।এর আগে গত ২৭শে মার্চ আদালত এ বিষয়ে রুল জারি করে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026