শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসে দুটি নির্বাচনী আসন ভেঙ্গে হ্যাকনি এবং নিউহ্যামের কিছু ওয়ার্ড মিলিয়ে তিনটি নির্বাচনী আসন তৈরি প্রস্তাব করা হয়েছে। ভোটারদের আনুপাতিকহারে ইংল্যান্ডের প্রতিটি নির্বাচনী আসনের সীমানা নতুন করে নির্ধারনের পরিকল্পনা গ্রহন করেছে বাউন্ডারী কমিশন।
সম্ভাব্য তিনটি আসনের নাম হল স্টেপনি এন্ড বো, শোরডিচ এন্ড বেথনালগ্রীন এবং পপলার এন্ড কেনিংটাউন। টাওয়ার হ্যামলেটসের বো ইস্ট, বো ওয়েস্ট, ব্রোমলি নর্থ, ব্রোমলি সাউথ, মাইলএন্ড, শেডওয়েল, সেন্ট ডানস্টোনস, সেন্ট কেথরিনস, ওয়াপিং, স্টেপনি গ্রীন এবং হোয়াইটচ্যাপল ওয়ার্ড নিয়ে স্টেপনি এন্ড বো নির্বাচনী আসন গঠনের প্রস্তাব দিয়েছে বাউন্ডারী কমিশন।
অন্যদিকে বেথনালগ্রীন, স্পিটালফিল্ডস, বাংলাটাউন, সেন্ট পিটার্স, ওয়েভার্স ওয়ার্ডের সঙ্গে পার্শ্ববর্তী বারা হেকনির আরো ৬টি ওয়ার্ড নিয়ে শোরডিচ এন্ড বেথনালগ্রীন নির্বাচনী আসন গঠনের প্রস্তাব করা হয়।
এদিকে নিউহ্যামের পাঁচটি ওয়ার্ডের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের ব্ল্যাকওয়েল টানেল এন্ড কিউবিট টাউন, কেনেরিওয়ার্ফ, আইসল্যান্ড গার্ডেন্স, লেইন্সবারী, লাইম হাউস এবং পপলার ওয়ার্ড নিয়ে পপলার এন্ড কেনিংটাউন নির্বাচনী আসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাবের উপর জনগনের মতামত নিচ্ছে বাউন্ডারি কমিশন। আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত মতামত দেওয়া যাবে। আগামি সাধারন নির্বাচনের আগে নতুন সীমানা চুড়ান্ত করা হবে। এর ভিত্তিতে আগামি পার্লামেন্ট নির্বাচন নতুন নির্বাচনী আসনে হবে।