প্রযুক্তি আকাশ ডেস্ক: সেপ্টেম্বর ১০ তারিখ যখন অ্যাপল তার নতুন প্লাস্টিক বডির আইফোন উন্মোচন করে তখন সবাই অত্যন্ত আশাবাদী হয়ে পড়েছিল। তবে তার খানিকটা পরে যখন এর মূল্য ঘোষণা করা হল তখন আর কোন সন্দেহের অবকাশ ছিল না। স্বল্পমূ্ল্যের আইফোনের যে গুজব উঠেছিল তা প্রায় সত্যি হতে চলেছিল।
কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে প্লাস্টিক বডির আইফোন ফাইভ সি বের হল ঠিকই কিন্তু তা মোটেও স্বল্পমূল্যের নয়। যুক্তরাষ্ট্রে এই ফোন কোন প্রকার কন্ট্রাক্ট ছাড়া কিনতে আপনাকে গুণতে হবে ৫৪৯ ডলার, যা বর্তমান সময়ের স্মার্টফোনের জন্য অত্যধিক।
অ্যাপলের সংবাদ সম্মেলনের আগে বিশেষজ্ঞগণ আশা করেছিলেন অ্যাপল একটি স্বল্পমূল্যের আইফোন বের করবে যা চায়না এবং অন্যান্য প্রযুক্তি পণ্যে দ্রুতবর্ধনশীল দেশে স্মার্টফোন ব্যবহারকারীর একটি বিশেষ শ্রেণী তৈরি করবে। এটা নিয়ে নানা মুনি নানা মতবাদ দিয়েছেন, নানারকম সমালোচনা হয়েছে এবং হচ্ছে। এসকল কারণে অ্যাপলের সিইও চুপ করে না থেকে বলেই দিলেন।
টিম কুক বললেন বাজারের নিম্ন স্থান দখলের জন্য আমরা আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করিনি: অ্যাপলের নতুন স্বল্পমূল্যের আইফোন হচ্ছে পুরনো আইফোন ৪এস। তিনি আরও বলেন, আমি জানি সবাই চিন্তা করছে নতুন আইফোনটির যা দাম নির্ধারণ করা হয়েছে সেটা কি যথেষ্ট কম? আইফোন ৪ এ আমরা অকল্পনীয় সাফল্য অর্জন করেছিলাম। এখনও অনেক মার্কেটে ক্রেতা এই ফোন খুঁজে বেড়ায়। কিন্তু আমরা আর আইফোন ৪ বিক্রি করছি না তবে আমরা এখনও আইফোন ৪এস বিক্রি করছি যার মূল্য ৫সি এর তুলনায় কম।
বর্তমানে অ্যাপল স্টোরে আইফোন ৪এস এর মূল্য ৪৫০ মার্কিন ডলার। চায়নার মার্কেটের সাথে লড়াইয়ের জন্য অ্যাপল কেন আরও রিসোর্স ঢালছে না? এ প্রশ্নের উত্তরে অ্যাপল সিইও টিম কুক বলেন, We are not in the junk business

টিম কুক পরিষ্কার করে বলেনঃ স্বল্প মূল্যে ফোন বিক্রয় করা কখনও আমাদের অবজেক্টিভ ছিল না। আমাদের প্রধান অবজেক্টিভ একটি অসাধারণ ফোন বিক্রয় করা এবং ব্যবহারকারীকে অসাধারণ অভিজ্ঞতা দেয়া। তবে আমাদের সাফল্য হচ্ছে, এই কাজ আমরা স্বল্প মূল্যে কীভাবে করব তা বের করেছি। এবং আমরা বের করেছি কিভাবে আইফোন ৪এস স্বল্পমূল্যে বিক্রয় করতে হবে।