শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাফকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে চেক পয়েন্ট দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় ঘাঁটিটি কয়েক মিনিটের জন্য লকডাউন করে রাখা হয়। প্রবেশের চেষ্টাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে কাস্টডিতে নিয়েছে সাফক পুলিশ।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমানঘাঁটিটি গ্রিনিচমান সময় ১৩টায় কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়। ‘বিঘ্নে’র খবর পেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলটি এড়িয়ে চলাচল করতে জনগণকে পরামর্শ দিয়েছে। আরএএফ মিলডেনহাল নামের এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে। এখানে রয়েছে মার্কিন কেসি-১৩৫ ট্যাংকার বহর। মার্কিন স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরাও এখানে অবস্থান করেন।
ঘাঁটিটিতে প্রায় ৩ হাজার ২০০ সামরিক ব্যক্তি রয়েছেন। তাদের সঙ্গে আছেন যুক্তরাজ্যের ৪০০-৫০০ বেসামরিক কর্মী।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্রিটেনে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলছে। মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে। মে মাসে ম্যানচেস্টার অ্যারেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়। জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় ১১ জনের মৃত্যু হয়।