শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে রাসায়নিক গ্যাস ‘নভিচোক’ প্রয়োগে হত্যাচেষ্টায় মূল অভিযোগের তীরটা ছিল রাশিয়ার দিকে। এবার উল্টো সেই তীরে ব্রিটেনকেই বিদ্ধ করল রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘নভিচোক’ নামের এই নার্ভ এজেন্ট ( যা স্নায়ুতন্ত্রকে বিকল করে ও শরীরের অন্যান্য অঙ্গ–প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দেয়) এর গুরুত্বপূর্ণ উৎস ব্রিটেন, সুইডেন, স্লোভাকিয়া ও চেক রিপাবলিকের মত দেশ। তাদের দাবি, এই দেশগুলোতে এই নার্ভ এজেন্ট পাওয়া যায়, তাই রাশিয়াকে দোষারোপ করা ঠিক নয়।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এই দেশগুলো ‘নভিচোক’ টক্সিন প্রকল্প নিয়ে কাজ করে। ১৯৯০ এর দশক থেকে এই পর্যন্ত এই গ্যাস নিয়ে নানা কাজ চলছে, এই প্রকল্প শুধু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি নয়। জাখারোভা আরো বলেন, ব্রিটেনকেও এই ইস্যুতে প্রশ্নের মুখে ফেলা উচিত। তারা কিভাবে রুশ সংযোগ বা চিহ্ন রয়েছে এমন চূড়ান্ত সিদ্ধান্তে আসল। তারা কিসের সঙ্গে পরীক্ষা করে বুঝেছে এটি রাশিয়ার? পরীক্ষার জন্য তাদের স্যাম্পল লাগবে। যদি এর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ও অন্যান্য ব্রিটিশ বিশেষজ্ঞ ফর্মুলা দিয়ে থাকেন তাহলে এটি পরিষ্কার তারাও এই সব নার্ভ এজেন্টের উন্নয়ন নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, সেলসবুরিতে রাসায়নিক নার্ভ এজেন্ট নিয়ে এখনো গবেষণা হয় ও তারা এতে সফলতাও পেয়েছে।
তবে চেক পররাষ্ট্রমন্ত্রী মার্কিন স্ট্রোপিন তার দেশে নভিচোক এর অস্তিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন । তিনি বলেন, এটি ভিত্তিহীন অভিযোগ। এর আগে ৪ এপ্রিল ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর ক্রিস্পাল ও তার মেয়ে ইউলিয়া নার্ভ এজেণ্ট আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।