শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নারীদের জন্য কালো বোরকা বাধ্যতামূলক নয়, প্রত্যেকের তার নিজ নিজ পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে সৌদি ক্রাউন প্রিন্সের এমন বক্তব্যে হাজার হাজার সৌদি জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে এ বক্তব্যের সমর্থন জানিয়েছেন। খবর: আল আরাবিয়া
ক্রাউন প্রিন্স মার্কিন টেলিভিশন সিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে এ বক্তব্য দিয়েছিলেন। এর মাধ্যমে সৌদি আরবে নারীদের বাধ্যতামূলক পোশাক ‘আবায়া’ তুলে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেল। গণমাধ্যমে এ খবর প্রকাশের পরই সৌদি নারীদের মাঝে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাজার হাজার মানুষ ইতোমধ্যে এ বক্তব্যের সমর্থনে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তবে কেউ কেউ বিরোধিতা করেও হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
ক্রাউন প্রিন্সের সমর্থনে আমি কীভাবে জাগ্রত হয়েছি এ স্লোগানকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। তবে এ বক্তব্যের বিরোধীরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করে আবায়া হচ্ছে শরিয়া আর তুমি হলে সেক্যুলার। তারা মনে করেন, নারীরা যা চায় তা পরিধান করা উচিত নয়।
অপরদিকে সমর্থকরা বলছেন, এটা কোনো বাস্তব সম্মত আইন নয় যে, নারীদের জন্য কালো বোরকা বাধ্যতামূলক পরতে হবে। সৌদি আরবে কালো বোরকাকে আবায়া বলা হয়।