শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর কমলাপুর স্টেশনের কর্মচারী খুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব অবহেলার দায়ে রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে রেল কর্মচারী ইস্রাফিলের লাশ পাওয়ার পর রেলপথমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থলে যান এবং তিনি এই হত্যাকাণ্ড তদন্ত ও বরখাস্তের নির্দেশ দেন।
রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। দায়িত্বে অবহেলার জন্য রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদের মধ্যে চারজন রেল পুলিশের এবং বাকিরা রেল নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা হলেন- মো. রিয়াজুল, মো. সোহাগ, হারুনুর রশিদ, মো. সালাউদ্দিন, এএসআই হাবিবুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম ও মনির হোসেন। কমলাপুর রেল স্টেশনে অস্থায়ী একটি টিকিট কাউন্টারে গতরাতে টিকিট বিক্রেতা মো. ইস্রাফিলকে খুন করে ১৫ লাখ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।