রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭

প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন প্রিন্স হ্যারি

প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ: ২০১৬ সালের জুলাই। লন্ডনে এক বন্ধুর আমন্ত্রণে গিয়ে দেখা হলো ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের।

হ্যারির তখন ৩১, আর বিবাহবিচ্ছেদের পর তিন বছর পার করা মেগানের ৩৪। প্রথম দর্শনেই কি প্রেমে পড়েছিলেন তাঁরা, নাকি প্রেমটা জমেছিল ধীরে ধীরে?

প্রথম দর্শনের সেই মুহূর্ত নিয়ে উচ্ছ্বসিত প্রিন্স হ্যারি বললেন, ‘মেগান যেখানে ছিল আমি যখন সেখানে গেলাম আর তাকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। অবিশ্বাস্য দ্রুতগতিতে মেগানের প্রেমে পড়ে গেলাম। মনে হলো সৌভাগ্যের সব তারা একসঙ্গে জড়ো হলো।

সবকিছুই এত নিখুঁত ছিল!’ দুজন যখন আলাপ শুরু করলেন, তখন অবাক হওয়ার পালা। মেগানের নাম শোনেননি হ্যারি, এমনকি তাঁর আলোচিত টেলিভিশন ধারাবাহিক স্যুটসও দেখেননি।

তাতে অবশ্য কিছু যায়–আসেনি। একটা বিষয়ে মিল তাঁদের আরও কাছে এনেছিল। সেটা হলো, ভালো কিছুর জন্য কাজ করে যেতে চান তাঁরা। এই চাওয়াই কয়েক সপ্তাহ পর তাঁদের দ্বিতীয়বারের মতো সাক্ষাতের সুযোগ করে দিল। পাঁচ দিনের সমাজসেবামূলক কাজের জন্য তাঁরা গেলেন বতসোয়ানায়। পরস্পরকে চেনা–জানার আরেকটু সুযোগ পেলেন তাঁরা।

হ্যারি তো মেগানের প্রেমে মজে গিয়েছিলেন সেই প্রথম দিনই। মেগান কী ভাবছেন, সেটা বুঝতে উদগ্রীব হয়ে পড়েন হ্যারি। মেগানের ভবিষ্যৎ পথচলা কতটা কঠিন হবে, সেটা বললেন। ব্যক্তিগত জীবন ঢাকা পড়ে যাবে পাবলিক ফিগারের আড়ালে। সব শুনে মেগান হাসিমুখেই তা মেনে নিলেন। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন হ্যারি।

মেগানের জীবনীকার ও ব্রিটিশ রাজপরিবারের লেখক অ্যান্ড্রু মর্টন বলেন, ‘সারা জীবন যে পরিস্থিতির মধ্যে চলতে হবে, মেগান তা মেনে নেওয়ায় হ্যারি বিস্মিত হয়েছিলেন। হ্যারির বউ হতে গিয়ে অনেক কিছুই ছাড়তে হবে মেগানকে।’

হ্যারি ২০১৬ সালের নভেম্বরে মেগানের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন। মেগানকে নিয়ে তখন আপত্তিকর, হয়রানিমূলক ও বর্ণবাদী আলোচনা হলে কড়াভাবে এর সমালোচনা করে বিবৃতি দেন হ্যারি। হ্যারির যোগাযোগসচিব তখন বলেছিলেন, ‘এটা কোনো খেলা না। এটা তাঁদের জীবন। সেটা নিয়ে তাঁদেরই ভাবতে দেওয়া উচিত।’

২০১৭ সালের নভেম্বরে হ্যারি মেগানকে বিয়ের প্রস্তাব দেন। সেই দিনের কথা বলতে গিয়ে লাজুক হাসিতে মেগান বলেন, ‘অদ্ভুত একটা চমক ছিল আমার জন্য। খুবই রোমান্টিক আর সুন্দর।’ সেদিন নটিংহাম কটেজে মুরগি রোস্ট করতে করতে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন হ্যারি।

হ্যারির বিয়ের প্রস্তাব শেষ হওয়ার আগে, এমনকি আংটি সামনে ধরার আগেই মেগান হ্যাঁ বলে ফেলেন–হাসতে হাসতে জানালেন মেগান। বিয়েটা সারছেন এ বছরের ১৯ মে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026