মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৪

রাজধানীতে পানি সংকট কাটাতে একনেক প্রকল্প অনুমোদন

রাজধানীতে পানি সংকট কাটাতে একনেক প্রকল্প অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীবাসীর পানি সংকট কাটাতে সাড়ে তিন হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০১৬ সালের জুন নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পসহ নয় হাজার ৫৮১ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসা ৪৫ কোটি লিটার অতিরিক্ত পানি সরবরাহ করতে পারবে। সংস্থাটি বর্তমানে ঢাকায় ২২০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২০০ কোটি লিটার পানি সররবরাহ করছে। প্রকল্পের আওতায় পদ্মার পানি মুন্সিগঞ্জে পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। সভা শেষে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, সভায় মোট ১২টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রায় নয় হাজার ৫৮১ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্প ব্যয়ের চার হাজার ৩৮০ কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং পাঁচ হাজার ২০১ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করা যাবে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে দুই হাজার ৪১৩ কোটি টাকা চীনা এক্সিম ব্যাংকের কাছ থেকে পাওয়া যাবে। এতে ওয়াসার ২২ কোটি টাকার নিজস্ব অর্থায়নও রয়েছে। এজন্য মুন্সিগঞ্জের জশলদিয়ায় (লৌহজং) একটি শোধনাগার বসানো হবে।

২০১০ সালের ২ এপ্রিল ১৩-তম জাতীয় প্রতিবন্ধী দিবস ও ৩য় বিশ্ব অটিজম দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে ‘জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ, মিরপুর, ঢাকা’ নামের অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর আওতায় প্রতিবন্ধীদের সেবা প্রদানের জন্য ঢাকার মিরপুরে একটি জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এটি জেলা পর্যায়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কেন্দ্রীয় কমপ্লেক্স হিসেবে কাজ করবে। বিশেষ শিক্ষাকেন্দ্র এবং স্কুল কমপ্লেক্স ছাড়াও এখানে প্রতিবন্ধী বিষয়ক গবেষণা, উচ্চতর সেবা ও প্রশিক্ষণের সুযোগ থাকবে।

অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্প (৪৬ কোটি টাকা), চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৪৫ কোটি টাকা), বিএডিসি’র বিদ্যমান সার গুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন ও সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ (১৩৪ কোটি টাকা), মির্জাপুর-ওয়ার্সি-বালিয়া সড়ক নির্মাণ (৯১ কোটি টাকা)।

এছাড়া শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন (৪০ কোটি টাকা), পাবনা বিসিক শিল্প নগরী সম্প্রসারণ (৩৯ কোটি টাকা), বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন (৩২২৭ কোটি টাকা), বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন (৪৫০ কোটি টাকা), সড়ক বিভাগের জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন (১৮১৫ কোটি টাকা-জিওবি) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভ্যাট অনলাইন সম্প্রসারণ প্রকল্প  (৫৫২ কোটি টাকা) অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য মন্ত্রী উপদেষ্টা, সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026