শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিশরের সিনাই উপদ্বীপে আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিনাই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে। এ হামলা কোনো সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে কিনা তা এখনও স্পষ্ট করা যায়নি। আল-আরিস শহরের বাইরে একটি তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার এ হামলা হয়।
জানা যায়, হামলাকারী গাড়ি চালিয়ে ধীরে ধীরে তল্লাশি চৌকির দিকে এগিয়ে আসেন। সেনা ও পুলিশ সদস্যরা তার গাড়ি তল্লাশি করতে গেলে তিনি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নাটকীয়ভাবে বেড়েছে হামলা।