শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এবার রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা। ব্রিটেন প্রথম এই অভিযোগটি উত্থাপন করলেও কানাডা, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসও অভিযোগকারীদের সারিতে অবস্থান নিয়েছে।
তবে এবার নতুন করে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক সংস্থা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ ক্যামিকেল ওয়েপনস’ (ওপিসিডব্লিউ) এর ওপর হামলা করার অভিযোগও যুক্ত হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ওপিসিডব্লিউ’র তদন্ত রাশিয়ার বিপক্ষে যেতে পারে এজন্যই এই সংস্থাটিকে টার্গেট করা হয়েছে। রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর নার্ভ এজেন্ট হামলার তদন্ত করার দায়িত্ব এই সংস্থাকেই দেয়া হয়েছে।
ইতোমধ্যেই মোট ৭জন রুশ গোয়েন্দাকে বিশ্বব্যাপী সাইবার হামলার জন্য অভিযুক্তও করা হয়েছে। তবে ব্রিটেন আগেই ওয়ার্লড এন্টি ডপিং এজেন্সি’র সাইটে সাইবার হামলার কথা জানিয়েছিল।
এই সাতজন ব্যক্তিই অলিম্পিক গেমসের অ্যাথলেটদের মাদক পরীক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস এবং যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পেনসিলভানিয়ায় একটি পরমাণু জ্বালানি কোম্পানিতে হামলার সাথেও জড়িত ছিল।
এমনকি তারা রুশ অ্যাথলেটদের আন্তর্জাতিক পর্যায় থেকে নিষিদ্ধকারী কর্মকর্তাদের ওপরও হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে মার্কিন কৌশুলিরা।