শীর্ষবিন্দু নিউজ: সিলেটের স্বর্ণের মার্কেট বলে খ্যাত নেহার মার্কেটে বিদ্যুৎহীন অন্ধকারে ডাকাতদের প্রতিহত করতে গিয়ে বুক চিতিয়ে লড়াই করেন অতন্দ্র প্রহরী বাদশা মিয়া। তবে কিছুক্ষণ পরই ডাকাতদের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে। চিরতরে নিথর হয়ে যায় সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার দুর্বার দেহ।
গত ৪ সেপ্টেম্বর রাতে নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ককটেল ও গুলি ছুড়ে মার্কেটের স্বর্ণ লুট করে। এসময় ডাকাতদের গুলিতে মার্কেটের নৈশপ্রহরী বাদশা মিয়া নিহত ও ব্যবসায়ীসহ পাঁচজন আহত হন।
প্রায় একমাস আগে জিন্দাবাজারে সোনার মার্কেটে ডাকাতি প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছিলেন নৈশপ্রহরী বাদশা মিয়া। তার পরিবারের সহযোগিতায় এবার পাশে দাঁড়িয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার দুপুরে নগরীর জেল রোডের সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপের (সারেগ) কার্যালয়ে চেম্বারের উদ্যোগে বাদশা মিয়ার পরিবারের কাছে আর্থিক সাহায্য হস্তান্তর করা হয়।
আর্থিক সহযোগিতা গ্রহণ করেন নিহত বাদশা মিয়ার পরিবারের সদস্যরা। সাহায্য তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাসিন আহমেদ সিআইপি ও আফজাল রশীদ চৌধুরী। এছাড়া পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, হুরায়রা ইফতার হোসেন, রেজাউল হাসান জাকারিয়া, মুহিতুল বারী রহমান প্রমুখ।